একটি ম্যাচ, একটি জয়, আর তাতেই মিলবে সেমিফাইনালের টিকেট। নারী এশিয়া কাপে গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটিতে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল। ‘বি’ গ্রুপের এই ম্যাচে যে দল জিতবে, বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত নারী দল।
দুদলের অবস্থানও প্রায় সমান। দুই ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। তবে নেট রানরেট এখানে বড় কোনো ভূমিকা রাখবে না। সেমিফাইনালে যেতে হলে দুদলের জন্যই সমীকরণ পরিষ্কার, জিততেই হবে।
আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ডও স্বস্তিদায়ক। দুদল এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সবশেষ ২০২২ সালের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর ২০১৮ সালে একমাত্র সম্পন্ন ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
টুর্নামেন্টে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে যাত্রা শুরু করে। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হারতে হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। সোবহানা মোস্তারি ৩৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন, আর দিলারা আক্তার করেন ২৬ রান। তবে চামুদি প্রাবোধার ৩ উইকেটের আঘাতে মাঝের ওভারে চাপে পড়ে যায় বাংলাদেশের ব্যাটিং, শেষ দিকে বড় রান তোলাও সম্ভব হয়নি।
১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বল হাতে দারুণ লড়াই করে বাংলাদেশের বোলাররা। মারুফা আক্তার ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ২১ রানে ৩ উইকেট নিয়ে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলেন তিনি। তার শিকার হন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। একপর্যায়ে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে বেশ ভালো অবস্থানে ছিল বাংলাদেশ।
কিন্তু শেষ পর্যন্ত হারশিতা সামারাবিক্রমার ৪৮ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশের আশা শেষ করে দেয়। শেষ চার বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
অন্যদিকে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি সংযুক্ত আরব আমিরাতের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হারের পর অবশ্য ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৭১ রানে ইন্দোনেশিয়াকে অলআউট করে মাত্র ১৩.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় পায় আমিরাত।
চলতি বছর অবশ্য দারুণ ফর্মে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ৯টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় পেয়েছে তারা। এবার প্রথমবারের মতো কোনো শীর্ষ দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। ঘরের মাঠের পরিচিত কন্ডিশন ও দর্শকদের সমর্থনকে কাজে লাগিয়ে ইতিহাস গড়তে হলে তাদের টপ অর্ডার ব্যাটারদের অসাধারণ কিছু করতে হবে।
অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য একটাই, হার ভুলে জয়ের পথে ফেরা। কারণ এই ম্যাচে জিতলেই বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সেমিফাইনালের মঞ্চে উঠবে টাইগ্রেসরা।
সময়ের আলো/প্রিন্ট/টিকে