রিয়াল-ইন্টার মহারণের রাতে হালান্ডদের সামনে পোর্তো

ক্রীড়া ডেস্ক

খেলা

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও বসছে তারার হাট। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ রাতে মাঠে নামছে ইউরোপের বেশ কয়েকটি

2026-09-08T05:21:33+00:00
2026-09-08T05:21:33+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
রিয়াল-ইন্টার মহারণের রাতে হালান্ডদের সামনে পোর্তো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ এএম 
ছবি : সংগৃহীত
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও বসছে তারার হাট। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ রাতে মাঠে নামছে ইউরোপের বেশ কয়েকটি বড় দল। একসঙ্গে একাধিক ম্যাচ থাকলেও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে রিয়াল মাদ্রিদ-ইন্টার মিলান এবং পোর্তো-ম্যানচেস্টার সিটি ম্যাচ দুটি। দুই ম্যাচেই মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের ঐতিহ্যবাহী ও শক্তিশালী দল। ফলে শুরু থেকেই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা থাকছে।

রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের লড়াইয়ে সাম্প্রতিক ইতিহাস অবশ্য স্প্যানিশ জায়ান্টদের পক্ষেই কথা বলছে। ১৯৯৮ সালে ইন্টারের কাছে ৩-১ গোলে হারের পর থেকে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে টানা চার ম্যাচ জিতেছে রিয়াল। শুধু তাই নয়, সবশেষ তিন ম্যাচে ইন্টারকে কোনো গোলও করতে দেয়নি তারা।

Advertisement
তবে এবারের লড়াইয়ে পুরোনো পরিসংখ্যানের পাশাপাশি বর্তমান ফর্মও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। লা লিগায় টানা তিন জয়ের পর সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। ওই ম্যাচে কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করায় হতাশ হতে হয়েছে দলটিকে। চ্যাম্পিয়ন্স লিগে তাই জয়ে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের মতো তারকারা রিয়ালের আক্রমণভাগে বড় ভূমিকা রাখতে পারেন।

অন্যদিকে ইন্টার মিলান রয়েছে বেশ ভালো ছন্দে। মঞ্জা, ক্যালিয়ারি ও নাপোলির বিপক্ষে টানা তিন জয় পেয়েছে তারা। নাপোলির বিপক্ষে শেষ মুহূর্তে লাওতারো মার্তিনেজের গোলে পাওয়া জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। রিয়ালের বিপক্ষে এবার সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বড় দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চাইবে ইতালিয়ান ক্লাবটি। পোর্তো ও ম্যানচেস্টার সিটির ম্যাচটিও কম গুরুত্বপূর্ণ নয়।


পেপ গার্দিওলা অধ্যায়ের পর এনজো মারেস্কার অধীনে চ্যাম্পিয়ন্স লিগে নতুন যাত্রা শুরু করছে সিটি। মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে ৩-০ গোলে হারলেও এরপর প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। কোভেন্ট্রির বিপক্ষে সবশেষ জয়ে আর্লিং হালান্ড ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। তবে ইউরোপের মঞ্চে সিটির অ্যাওয়ে পারফরম্যান্স নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ নয় অ্যাওয়ে ম্যাচে তারা জিতেছে মাত্র দুটিতে, বিপরীতে হেরেছে ছয় ম্যাচে।

পোর্তো অবশ্য ঘরের মাঠে দুর্দান্ত অবস্থায় আছে। মৌসুমের প্রথম ছয় প্রতিযোগিতামূলক ম্যাচেই জয় পেয়েছে তারা। লিগের পাঁচ ম্যাচে ১১ গোল করার বিপরীতে মাত্র একটি গোল হজম করেছে দলটি। যদিও সিটির বিপক্ষে তাদের অতীত রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। দুদলের আগের চার দেখায় সিটি জিতেছে তিনবার, আর একটি ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। এবার নিজেদের মাঠে সেই ইতিহাস বদলাতে মরিয়া থাকবে পোর্তো।

এদিকে একই রাতে ক্লাব ব্রুগের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। মৌসুমের শুরুটা ভিলার জন্য হতাশার। ব্রাইটনের কাছে ৪-০ গোলের হার, আর্সেনালের কাছে পরাজয় এবং হালের বিপক্ষে গোলশূন্য ড্র তাদের চাপে ফেলেছে। বিপরীতে ইউরোপীয় প্রতিযোগিতায় ঘরের মাঠে ভালো রেকর্ড রয়েছে ব্রুগের। আর এএফকে এথেন্সের বিপক্ষে খেলবে লাস্ক। দুর্দান্ত ফর্মে থাকা এথেন্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হতে যাওয়া লাস্ককে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   রিয়াল  ইন্টার  রাত  হালান্ড  পোর্তো  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: