ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে মোট ১৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবিব এ তথ্য জানান।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-২০ সংসদীয় ১৯৩ নম্বর আসনে মোট ভোটকেন্দ্র ১৪৭টি। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনি আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ ও নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন।
প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো, উপজেলার চর চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ ইসলামীয়া কামিল মাদ্রাসা, খাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এস এম সাদিকুর রহমান জানান, অতীতে ভোটকেন্দ্রগুলোতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান, ভোট কেন্দ্র দখল বিবেচনায় নিয়ে ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হলেও ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না।
ধামরাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার খান মোহাম্মদ সালমান হাবিব জানান, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আশা করছি, ধামরাইতে সুন্দরভাবে ভোট গ্রহণ হবে।
এফআর