বেইজিং-মস্কোর মৈত্রী বিশ্বকে ‘স্থিতিশীল’ রাখতে কাজ করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন। তাদের আলাপে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের নানা দিক উঠে আসে। বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।
ভিডিও কলে পুতিন মন্তব্য করেন, বেইজিং-মস্কোর মৈত্রী বিশ্বকে ‘স্থিতিশীল’ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে কাজ করছে। তিনি দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্কের প্রশংসা করেন। শির উদ্দেশে পুতিন বলেন, ‘ক্রমশ গোলযোগপূর্ণ হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে পররাষ্ট্রনীতির বিষয়ে মস্কো-বেইজিংয়ের ঐক্যমত্য বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বপূর্ণ উপাদান।’
রুশ রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ভিডিওতে এ বিষয়টি জানা গেছে। এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিডিও কলের বিষয়টি নিশ্চিত করে। অল্প কিছু দিন আগেই দুই দেশের শীর্ষ কূটনীতিবিদরা জানান, চীন-রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এ বছর ‘নতুন যুগে প্রবেশ’ করবে এবং দেশগুলো অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নে কাজ করবে।
২০২২ সালের শুরুতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে পশ্চিমা বিশ্বে ব্রাত্য হয়ে পড়লেও চীনের সঙ্গে বন্ধুত্ব আরও শক্তিশালী করেছেন রাশিয়ার দীর্ঘ দিনের নেতা পুতিন। এ দুই নেতা নিয়মিত একে অপরের সঙ্গে আলোচনা করেন। সর্বশেষে ৩১ ডিসেম্বর একে অপরের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন পুতিন-শি।
সেপ্টেম্বরে সর্বশেষ সরাসরি বৈঠক করেন দুই নেতা। সে সময় পুতিন বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজ দেখতে চীনে এসেছিলেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছে গেছে বলে মন্তব্য করেন পুতিন। গত বছরের মে মাসে রাশিয়া সফর করেন শি জিনপিং।
সময়ের আলো/জেডআই