রাজধানীর হাতিরঝিলে ব্যক্তিগত গাড়ির সঙ্গে ঘষা লাগাকে কেন্দ্র করে পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) বেদম মারধর করেছে একদল যুবক।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতের এ হামলায় গুরুতর আহত মাহফুজ্জামান সরকার ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত (বিসিএস ৩১ ব্যাচ)। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিউটি শেষে ব্যক্তিগত গাড়িতে বাসায় ফিরছিলেন এডিসি মাহফুজ্জামান। পুলিশ প্লাজার পেছনের ব্রিজে অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির সামান্য ঘষা লাগে। এ সময় গাড়ির সামনে ‘পুলিশ’ লেখা স্টিকার দেখে হামলাকারীরা টিটকারি শুরু করে এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ফোন করে সহযোগীদের ডেকে আনেন।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, হামলাকারীরা পাশের একটি বার থেকে মদ পান করে বেরিয়েছিলেন। প্রায় ১৫-২০ জন মিলে ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাথাড়ি মারধর করে। এতে তার শরীরে গভীর ক্ষত তৈরি হয় এবং হাসপাতালে ১৭টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় সাতজনকে আসামি করে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দায়িত্ব পালন শেষে বাসায় যাওয়ার পথে অন্য একটি গাড়ির আরোহীরা এই হামলা চালায়। পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা সবাই পেশায় ব্যবসায়ী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার আগে তারা একটি ক্লাব থেকে মদ পান করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আহত কর্মকর্তার স্ত্রী জানিয়েছেন, মাহফুজ্জামানের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
/এমএইচআর