তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এতে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। এছাড়া ট্রাম্পের জামাতা জের্ড ক্রুসনারও ওমানে এসেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শুরুর আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা তাদের জাতীয় স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক দাবিদাওয়া ও রাজনৈতিক হঠকারিতার বিরুদ্ধে নিজেদের রক্ষার জন্য প্রস্তুত রয়েছেন।
স্টিভ উইটকোফের সঙ্গে বৈঠকের আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন আরাগচি। সেখানে তিনি বলেন, ‘ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় আমরা কূটনীতির পথকে বেছে নেব।’
এদিকে গত বছরের জুনেও আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু ওই আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়ে বসে দখলদার ইসরায়েল। এরপর শুরু হয় যুদ্ধ। যা ১২দিন স্থায়ী হয়। ইসরায়েলের পক্ষ নিয়ে সে যুদ্ধে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্রও। মার্কিনিরা মূলত ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
সময়ের আলো/কেএইচও