পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের বয়স নিয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছে জেলা জামায়াত। ডিসি-ইউএনও’র উদাহরণ দিয়ে দলটির জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, যোগ্যতা বয়সে নয়, মেধা আর কর্মে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুলতলায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইকবাল হোসাইন বলেন, সারজিসকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, তার নাকি বয়স কম। ডিসি সাহেবের বয়স যদি আমার চেয়ে কম হয়, তাহলে তিনি কি জেলা চালাতে অক্ষম? ইউএনও সাহেবের বয়স যদি আমার চেয়ে কম হয় তাহলে তিনি কি উপজেলা পরিষদ চালাতে অক্ষম? অক্ষম নয়। যোগ্যতা বয়সে নয়, যোগ্যতা মেধায়।
তিনি বলেন, আপনারা ১৭ বছর যা করতে পারেন নাই, এই অল্প বয়সি যুবকরাই আমাদের বাক্স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে চিকিৎসার জন্য আর সিঙ্গাপুর নয়, শিক্ষার জন্য আর লন্ডন নয়। বরং বিদেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশে আসবে।
মাওলানা ইকবাল হোসাইন ভোটারদের উদ্দেশে বলেন, শাপলা কলির বিজয় মানেই দাঁড়িপাল্লার বিজয়। ১১ দলীয় জোটের এই ঐক্য আগামীর উন্নত রাষ্ট্র গড়ার কারিগর হবে বলে বিশ্বাস তার।
তিনি বলেন, আপনারা ব্যক্তি ইকবালকে ভোট দিতে চেয়েছিলেন, এখন সারজিস আলমকে ভোট দেবেন। শাপলা কলিতে ভোট দিলে সেটি দাঁড়িপাল্লায় ভোট হবে। শাপলা কলির বিজয় হলে দাঁড়িপাল্লার বিজয় হবে।
নওশাদ জমিরের ধানের শীষ নাকি সারজিসের শাপলা কলি? আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমেই নির্ধারিত হবে কার গলায় উঠবে জয়ের মালা।
সময়ের আলো/আআ