যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার প্রেক্ষাপটে ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা শেষ হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইরান এই তথ্য নিশ্চিত করেছে। এই আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকটে অবস্থান করেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনায় যুক্ত ছিলেন।
আলোচনা শেষে সাংবাদিকদের আরাগচি জানান, বর্তমান অগ্রগতি বজায় থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে একটি ইতিবাচক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, মাসকটে একাধিক দফায় পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আলোচনা ভবিষ্যতেও চলবে, তবে পরবর্তী ধাপের বিস্তারিত বিষয়গুলো দুই দেশের রাজধানীতে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
আরাগচির ভাষ্য অনুযায়ী, এই বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেছে, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আলোচনায় ইরানের উদ্বেগ, জাতীয় স্বার্থ এবং জনগণের অধিকার তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অন্য পক্ষের মতামতও মনোযোগসহকারে শোনা হয়েছে। পুরো আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
/ইউএমএইচ