দেশজুড়ে প্রতিদিনের মতো আজও সরকারের বিভিন্ন দফতর, রাজনৈতিক দল ও নানা সংগঠনের উদ্যোগে একাধিক কর্মসূচি পালিত হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো এক নজরে তুলে ধরা হলো।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে তিনি প্রচারণা শুরু করবেন। এরপর দুপুর ১টা ২০ মিনিটে নীলফামারী পৌরসভার বড় মাঠ এবং দুপুর ২টা ২০ মিনিটে দিনাজপুরের বিরামপুর কলেজ মাঠে জনসংযোগ কার্যক্রম চালাবেন।
ডা. জুবাইদা রহমানের কর্মসূচি
শনিবার বেলা ১১টায় ভাষানটেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি মহাখালীর কড়াইল এলাকায় আয়োজিত একটি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করবেন।
আমিনুল হকের গণসংযোগ কর্মসূচি
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক আজ তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর ১২ এলাকার বিভিন্ন ক্যাম্পে গণসংযোগ করবেন। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ডি-ব্লক পানির ট্যাংকি মসজিদের সামনে থেকে শুরু হয়ে ই-ব্লক, কুর্মিটোলা ক্যাম্প (উঁচু এলাকা), কেটিসি ক্যাম্প ও মুরাপাড়া ক্যাম্পসংলগ্ন এলাকায় এ কর্মসূচি চলবে।
বিএনপির অন্যান্য কর্মসূচি
শনিবার বেলা ১১টায় ঢাকা-১৭ সংসদীয় আসনের কড়াইল বস্তিতে বিএনপি চেয়ারম্যানের পক্ষে গণসংযোগ করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।
এ ছাড়া দুপুর ১২টায় বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলটির উপদেষ্টা কাউন্সিল সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
মুক্তিযোদ্ধা দলের অবস্থান কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ইলেকশন অবজার্ভার সোসাইটির সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ‘দেশব্যাপী সার্বিক অবস্থা ও স্থানীয় পর্যবেক্ষকদের অবস্থান’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে নির্বাচনসংক্রান্ত পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের তথ্য ও বিশ্লেষণ তুলে ধরা হবে।
শনিবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
/ইউএমএইচ