বিএনপির মনিকে টেক্কা দিতে প্রস্তুত জামায়াতের সুলতান

তারিকুল ইসলাম কাজী রাকিব, পাথরঘাটা (বরগুনা)

সারাদেশ

বরগুনা-২ (পাথরঘাটা–বামনা–বেতাগী) আসনে এবারের নির্বাচনি লড়াইয়ে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সমুদ্রবন্দর নির্মাণ ও নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনা। আসনটির

2026-02-07T15:57:33+00:00
2026-02-07T16:03:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির মনিকে টেক্কা দিতে প্রস্তুত জামায়াতের সুলতান
বরগুনা-২ আসন
তারিকুল ইসলাম কাজী রাকিব, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৪:০৩ পিএম
(বাম থেকে) বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনি, জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মিজানুর রহমান কাশেমী। ছবি : সংগৃহীত
বরগুনা-২ (পাথরঘাটা–বামনা–বেতাগী) আসনে এবারের নির্বাচনি লড়াইয়ে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সমুদ্রবন্দর নির্মাণ ও নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনা। আসনটির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও কেবল ক্ষমতায় যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন না, বরং ভোটারদের দেখাচ্ছেন ‘সমুদ্রজয়ের স্বপ্ন’। ফলে বিষখালী ও বলেশ্বর তীরের নির্বাচনি প্রচারণার মাঠ ছাড়িয়ে আলোচনার ঢেউ এখন আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে। 

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সমুদ্র-সম্পদ ও উপকূলকে ঘিরে উন্নয়ন-প্রস্তাবনা সামনে রেখে সব রাজনৈতিক দলই ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। প্রচারণায় প্রার্থীরা বরগুনা উপকূলকে পর্যটন শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, আধুনিক সমুদ্রবন্দর নির্মাণ এবং সামুদ্রিক (মেরিন) শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন। স্থানীয় জেলে, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের লক্ষ্য করে সমুদ্রভিত্তিক অর্থনীতির বিকাশের কথা বারবার তুলে ধরছেন প্রার্থীরা।

জানা গেছে, বরগুনা-২ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে তিনজনের মধ্যে। তারা হলেন, বিএনপির প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মিজানুর রহমান কাশেমী। 

তবে স্থানীয় ভোটারদের মতে, বিএনপির নুরুল ইসলাম মনি ও জামায়াতের ডা. সুলতানের মধ্যেই মূল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি ছয় প্রার্থীকে নিয়ে ভোটারদের মধ্যে এক ধরনের অপরিচিতি ও অনাগ্রহ লক্ষ্য করা গেছে।

সরেজমিনে নির্বাচনি মাঠ ঘুরে দেখা গেছে, বিএনপির হেভিওয়েট প্রার্থী মো. নুরুল ইসলাম মনি (ধানের শীষ) সাবেক তিনবারের সংসদ সদস্য হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। তৃণমূল পর্যায়ে তার শক্ত অবস্থান ও দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তাকে এগিয়ে রেখেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদ (দাঁড়িপাল্লা) দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয়। দলটির সুসংগঠিত ভোট-ব্যাংক এবং তার পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে। 

দলের নেতারা আশা করছেন, নারী ভোটারদের একটি বড় অংশের সমর্থন তারা পাবেন।

এছাড়াও মাঠে সক্রিয় রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মিজানুর রহমান কাশেমী (হাতপাখা)। তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজস্ব ভোট বলয় গড়ে তোলার চেষ্টা করছেন।

বাকি ছয় প্রার্থী ভোটারদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত। তারা হলেন— বাংলাদেশ কংগ্রেসের মো. সাব্বির আহম্মেদ (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির মো. কামরুজ্জামান লিটন (কাঁঠাল), জাতীয় পার্টির আবদুল লতিফ ফরাজী (লাঙল), এনডিএমের সৈয়দ মো. নাজেস আফরোজ (সিংহ), এনপিপির মো. সোলায়মান (আম) এবং স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদ উদ জমান (জাহাজ)।

স্থানীয় ভোটাররা বলছেন, বিষখালী ও বলেশ্বর নদীবেষ্টিত বরগুনা-২ উপকূলীয় এলাকার দীর্ঘদিনের সমস্যা— নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি, জেলেদের জীবিকা সংকট, বেকারত্ব, সুরক্ষাবাঁধ, রাস্তাঘাট ও পর্যটন অবকাঠামোর উন্নয়নসহ সার্বিক দুর্ভোগ নিরসনে যিনি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা তুলে ধরতে পারবেন এবং তা বাস্তবায়নের অঙ্গীকার দেবেন, শেষ পর্যন্ত ভোটাররা তার দিকেই ঝুঁকবেন।

উল্লেখ্য, বরগুনা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৭৭৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৬৭ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২টি।

এফআর


  বিষয়:   ‍নির্বাচন  বরগুনা-২ আসন  বিএনপি  মনি  টেক্কা  প্রস্তুত  জামায়াত  সুলতান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: