গোসলে নেমে ফেরেননি নিয়ন, খুঁজছে ডুবুরি দল

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ি এসেছিলেন নিয়ন হুদা (৪০)। আত্মীয়ের বাড়ির দাওয়াত শেষে আরও তিনজনের সঙ্গে নেমেছিলেন গাইবান্ধার ঘাঘট নদীতে

2026-10-22T23:25:02+00:00
2026-10-22T23:25:02+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোসলে নেমে ফেরেননি নিয়ন, খুঁজছে ডুবুরি দল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৫ পিএম 
গোসলে নেমে ফেরেননি নিয়ন, খুঁজছে ডুবুরি দল। ছবি : সময়ের আলো
দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বাড়ি এসেছিলেন নিয়ন হুদা (৪০)। আত্মীয়ের বাড়ির দাওয়াত শেষে আরও তিনজনের সঙ্গে নেমেছিলেন গাইবান্ধার ঘাঘট নদীতে গোসল করতে। তিনজন তীরে ফিরে এলেও ফেরেননি নিয়ন। ফায়ার সার্ভিসের সদস্যরা ও রংপুর থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত খুঁজেও তাঁর সন্ধান পায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, বেলা সাড়ে ১২টার দিকে চারজন একসঙ্গে নদীতে নামেন।

নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, পূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন নিয়ন। গতকাল বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। আজ দুপুরে সেখান থেকেই চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন।

স্বজন ও স্থানীয় লোকজন জানান, গোসলের একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে চলে আসেন। কিন্তু নিয়ন আর উঠে আসেননি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকাজে সহায়তার জন্য পরে রংপুর থেকে ডুবুরি দল পাঠানোর অনুরোধ জানানো হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেয়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। আগামীকাল শুক্রবার আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   দুর্গাপূজা  ছুটি  আত্মীয়  দাওয়াত  গাইবান্ধা  ঘাঘট  নদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: