প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০০ পিএম
নিহত নাদিয়া আক্তার। ছবি : সংগৃহীতময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া আক্তার (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী কাওছারসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে স্বামী কাওছার মিয়ার (২৩) বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাদিয়া নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে হাতিখলা গ্রামের নূর চানের ছেলে কাওছারের সাথে নাদিয়ার বিয়ে হয়।
নিহতের মা ময়ফুল বানু জানান, বুধবার দুপুরে নাদিয়া ফোন করে বলেছিল সে কিছুক্ষণ পর আমাদের বাড়িতে আসবে। তার জন্য আমি রান্নাবান্না করে অপেক্ষা করছিলাম। কিন্তু রাত ৮টার দিকে জামাইয়ের এক আত্মীয় ফোন করে জানায় নাদিয়া মারা গেছে। আমরা রাত ৯টার দিকে তার শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখি। তখন বাড়িতে শত শত মানুষের ভিড় থাকলেও জামাইসহ শ্বশুরবাড়ির কাউকে পাইনি।
তিনি আরও জানান, তার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যদি হত্যা না-ই করবে, তাহলে তারা বাড়ি ছেড়ে পালালো কেন?- প্রশ্ন তোলেন ময়ফুল বানু।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/আতা