প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি : সংগৃহীতশেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তবে তার মতে, শেখ হাসিনার দেশে ফেরার সময় এখনও আসেনি। ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের মানুষ এখনও ভুলে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর দলটির রাজনৈতিক কার্যক্রম নেই বললেই চলে। তবে হাতে গোনা কয়েকজন মিছিল করছেন। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে অনেক চিন্তাভাবনা করে আসতে হবে।
তিনি বলেন, জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এরপর দেশের মানুষ চাইলে দলটিকে রাজনীতি করার সুযোগ দেবে কি না, তা সময়ই বলে দেবে।
আওয়ামী লীগের গণতন্ত্র নিয়ে বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আগে দলটি দেশে জঙ্গি তৎপরতা থাকার কথা বলত, এখন বলছে গণতন্ত্র নেই। অথচ আওয়ামী লীগ ১৭ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বর্তমান সরকার নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।
পার্থ আরও বলেন, আওয়ামী লীগ আগে দাবি করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। কিন্তু বাংলাদেশে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে