প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পিএম
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছবি : সময়ের আলোখুলনার লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় খুশি (২৫) নামে গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৭ নম্বর গলিতে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত খুশি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন সরদার ওরফে বেলেট বাবুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ করে সুমনের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা গৃহবধূ খুশির মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে পালিয়ে যান। ঘটনার পর পরই আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর পথেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে লবণচরা থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুরো এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। নিহত খুশির স্বামী সুমন ওরফে বিলেট বাবু একজন মাদক ব্যবসায়ী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত কোনো পূর্ববিরোধ বা দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। সুমন ওরফে বিলেট বাবু একজন মাদক ব্যবসায়ী। মাদকসংক্রান্ত দ্বন্দ্বে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সময়ের আলো/এনএন