প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পিএম
ছবি : সংগৃহীতপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ১৯৯৬ সালে দেশবিরোধী শক্তি হিসেবে অভিহিত জামায়াত ও আওয়ামী লীগ আবারও এক হয়েছে। ১৯৮৬ সালেও দল দুটি এক হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, একাত্তরকে কেন্দ্র করে মানুষ জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে বিরোধ তুলে ধরার চেষ্টা করে। কিন্তু একাত্তরের পরও দল দুটি বহুবার এক হয়েছে। জামায়াতের সেক্রেটারি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে দলটির কখনো নির্বাচনী বা রাজনৈতিক জোট ছিল না। অথচ দল দুটি ১৯৯৬ ও ১৯৮৬ সালে ঘোষণা দিয়ে নির্বাচনী বা রাজনৈতিক জোট করেছিল।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, একজন যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, একটি মাত্র স্নাইপারের প্রয়োজন ছিল। ওই যুবক এমন দুঃসাহস কীভাবে পেল, সেই প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, বিরোধী দলে থাকা রাজনীতিকদের উচ্ছৃঙ্খল বক্তব্য এ ধরনের যুবকদের উৎসাহিত করছে বলে তার মনে হয়। প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে আর পার পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, স্নাইপারের মাধ্যমে হামলার হুমকি এক ধরনের হত্যার হুমকি।
সময়ের আলো/এসএকে