কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদকসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
র্যাব জানায়, জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শুকুরটারী গ্রামের জনৈক আব্দুল মজিদ উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নাছির উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার হাতে থাকা বস্তা তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত নাছির উদ্দিন (৩২) নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা শুকুরটারি এলাকার আব্দুল মজিদের পুত্র।
এছাড়াও, আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলবাড়ী থানার শিমুলবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজারে ফুলবাড়ী টু নাগেশ্বরী রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করে র্যাব-১৩।
চেকপোস্টে একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে তেলের ট্যাংক ও সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৯৯ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোটরসাইকেলটি। এসময় র্যাব তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাটের খনিয়া গাছ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে শুভ মিয়া (২১), নাগেশ্বরী উপজেলার রামখানা দিঘিরপাড় এলাকার মৃত নজরুল শেখের পুত্র আলমগীর (৩৫) এবং লালমনিরহাট জেলা সদরের কালমাটি এলাকার আব্দুল মালেকের পুত্র রমজান আলী (১৯)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নানাবিধ নতুন ও অভিনব কৌশলের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের সবাইকে গ্রেফতার করা হয়।
এফআর