ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন.
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায়, আর কে চায় না। আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।
জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।
বিএনপি মহাসচিব বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।
/এম