টাঙ্গাইলের কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে বিএনপি মনোনীত প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।
এদিকে, হামলার ঘটনায় কালিহাতী থানার মামলা করেছেন এক বিএনপি নেতা। এতে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে কালিহাতী থানার ওসি তৌফিক আজম এসব তথ্য জানান।
জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার পর বিএনপির ১০-১২জন নেতাকর্মী কালিহাতী উপজেলার লুহুরিয়া বাজারে ধানের শীষের নির্বাচনি প্রচারণায় যান। এসময় স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির পাঁচজন নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, পালিমা গ্রামের আব্দুল কদ্দুস, কাজিম উদ্দিন, কামাল হোসেন ও পোষণা গ্রামের নজরুল ইসলাম। তাদের শনিবার রাতেই টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এসময় চার জনকে ভর্তি করা হয় এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বিএনপি নেতাকর্মীরা কালিহাতীতে প্রতিবাদ মিছিল বের করেন। একপর্যায়ে তারা কালিহাতী থানার গেটে জড়ো হন এবং থানা ঘেরাও করেন।
এসময় বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন সেখানে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের শান্ত করেন। তিনি দোষীদের গ্রেফতারের দাবি জানান।
এদিকে, হামলার ঘটনায় আজ রোববার কালিহাতী থানায় নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ বাদী হয়ে ৬৭ নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এ ঘটনায় আব্দুল মজিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মজিদ লুহুরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
ওসি তৌফিক আজম বলেন, হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এফআর