সাভারে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এস এম গালিব ইমতেয়াজ নাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা বলে জানা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু নামে আরও দুজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্প জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েক বছর আগেও নাহিদকে অস্ত্রসহ সাভারের রেডিও কলোনি এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এফআর