ভালোবাসা দিবস মানেই লাল রঙের ছোঁয়া, ফুলের ঘ্রাণ আর প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দেওয়ার তাগিদ। কিন্তু এই ‘উপহার’ বিষয়টা নিয়ে আমাদের মনে প্রায়ই একটা চাপ কাজ করে। কী দেব, কত দাম হবে, অন্যরা কী দিচ্ছে এসব ভাবনায় ভালোবাসার আসল অনুভূতিটাই যেন ফিকে হয়ে যায়। অথচ উপহার ভালোবাসা প্রকাশের একমাত্র মাধ্যম নয় বরং অনুভূতি, যত্ন আর ব্যক্তিগত ভাবনাই ভালোবাসা দিবসের সবচেয়ে বড় উপহার।
সময়ের সঙ্গে ভালোবাসা দিবসের উপহার দেওয়ার ধরন বদলেছে। একসময় ভালোবাসা দিবসে ফুল, কার্ড, চকলেট আর গোলাপই ছিল সবচেয়ে জনপ্রিয়। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে পারফিউম, ঘড়ি, পোশাক, গ্যাজেট। অনলাইন শপিংয়ের কারণে পছন্দের তালিকাও বড় হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উপহারগুলো কি সত্যিই প্রিয়জনের মনের কথা বলে?
অনেকেই মনে করেন, দামি উপহার মানেই বেশি ভালোবাসা। বাস্তবে বিষয়টা ঠিক উল্টোও হতে পারে। প্রিয় মানুষের পছন্দ, প্রয়োজন আর ব্যক্তিত্ব না জেনে দেওয়া সবচেয়ে দামি উপহারও অনেক সময় অর্থহীন হয়ে যায়।
আবার খুব সাধারণ, ছোট একটি উপহারও গভীর অনুভূতি ছুঁয়ে দিতে পারে, যদি সেটার পেছনে থাকে আবেগ আর ভালোবাসা।
বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে উপহার মানে শুধু কোনো বস্তু নয়। একান্ত সময় কাটানো, একসঙ্গে কফি খাওয়া, প্রিয় জায়গায় হেঁটে বেড়ানো কিংবা নিরিবিলি গল্প করার মুহূর্তও হয়ে উঠছে বিশেষ উপহার।
ভালোবাসা দিবসের উপহার বাছাইয়ের সময় সবচেয়ে জরুরি বিষয় হলো মনোযোগ। এই মনোযোগ তখনই থাকবে যখন পছন্দর মানুষটিকে বুঝে নিতে পারবেন সঠিকভাবে।
কেউ হয়তো বই ভালোবাসেন, কেউ হাতে লেখা চিঠি পেলে আবেগে ভেসে যান, কেউ আবার সময় কাটানোর সুযোগ পেলেই খুশি হন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্পিতা মেহেজাবীন বলেন, উপহারের দামে ভালোবাসা মাপা যায় না। গত বছর আমি নিজে হাতে একটা কার্ড বানিয়ে আমার বন্ধুকে দিয়েছিলাম। সেটাই সবচেয়ে বেশি আনন্দের ছিল। তার মতো অনেক তরুণ-তরুণীই এখন ভিন্ন পথে হাঁটছেন।
ভালোবাসা দিবসের উপহার এখন আর শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নেই। অনেকেই এই দিনে বাবা-মা, বন্ধু, ভাই-বোন কিংবা বাচ্চার জন্য উপহার কিনেন।
আবার কেউ কেউ নিজের জন্যও উপহার কেনেন। আত্মভালোবাসার ধারণা জোরালো হওয়ায় নিজের জন্য বই, গাছ, নোটবুক বা পছন্দের কোনো জিনিস কিনে নেওয়াকেও অনেকে ভালোবাসা দিবসের উদযাপন হিসেবে দেখছেন।
তবে ভালোবাসা দিবস ঘিরে অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় সম্পর্কের ওপর চাপ তৈরি করে। কেউ যদি উপহার দিতে না পারেন বা ভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করেন, সেটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, আর উপহার তার একমাত্র প্রমাণও নয়।
গৃহিণী শর্মিলা হক বলেন, নিজের জন্য কিছু করা বা নিজেকে সময় দেওয়াও ভালোবাসার অংশ। আত্মভালোবাসার ধারণা সমাজে এখন একটা ট্রেন্ড হিসেবে জায়গা করে নিচ্ছে।
ডিজিটাল যুগে উপহারের ধরনেও এসেছে পরিবর্তন। অনলাইন সাবস্ক্রিপশন, ই-বুক, ডিজিটাল আর্ট কিংবা ব্যক্তিগত ভিডিও বার্তা এখন জনপ্রিয়। দূরে থাকা মানুষদের জন্য ভিডিও কলে শুভেচ্ছা জানানো বা অনলাইনে উপহার পাঠানো এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তি ভালোবাসাকে দূরে নয় বরং নতুনভাবে কাছে আসার সুযোগ করে দিচ্ছে। তবে ভালোবাসা
দিবস ঘিরে এক ধরনের সামাজিক চাপও তৈরি হয়েছে। সামাজিকমাধ্যমে ‘পারফেক্ট গিফট’ বা ‘পারফেক্ট ডে’-এর ছবি অনেককে অস্বস্তিতে ফেলে।
সব মিলিয়ে, ভালোবাসা দিবসের উপহার হোক অনুভূতির প্রতিফলন। সেটা ছোট হোক বা বড়, কেনা হোক বা নিজের হাতে তৈরি গুরুত্ব একটাই, প্রিয়জন যেন বুঝতে পারেন আপনি তাকে সত্যিই ভালোবাসেন এবং তার জন্য ভাবেন। শেষ পর্যন্ত ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার হলো আন্তরিকতা, যা কোনো দামের ট্যাগে মাপা যায় না।