বসন্তের এই সময়ে ঘরের পরিবেশেও একটু উষ্ণতা আর সৃজনশীলতার ছোঁয়া আনতে ইচ্ছা করে। অনেকেই ভাবেন, ঘরের সাজ বদলাতে বড় বাজেট বা নতুন আসবাব দরকার। কিন্তু বাস্তবে সামান্য কল্পনা আর সাধারণ কিছু উপকরণ দিয়েই ঘরের চেহারা বদলে দেওয়া যায়। তেমনই এক সহজ, সাশ্রয়ী অথচ দারুণ কার্যকর উপাদান হলো দড়ি।
দৈনন্দিন জীবনে দড়ির ব্যবহার আমাদের সবারই পরিচিত। কিন্তু এই সাধারণ জিনিসটি যে ঘরসজ্জায়ও এত সুন্দরভাবে ব্যবহার করা যায়, তা অনেকের অজানা। ফাল্গুনের প্রাকৃতিক রং ও হালকা আবহের সঙ্গে দড়ির ন্যাচারাল টেক্সচার দারুণভাবে মানিয়ে যায়।
ঘরের সাজে দড়ির ব্যবহার শুরু করা যেতে পারে বাতিদানি দিয়ে। সন্ধ্যায় নরম আলো ঘরের পরিবেশকে আরও আরামদায়ক করে তোলে। বাজারের বাতিদানির বদলে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন দড়ির বাতিদান। শক্ত দড়ির সাহায্যে একটি কাচের পাত্র ছাদ থেকে ঝুলিয়ে দিন। ভেতরে রাখুন মোমবাতি বা ছোট এলইডি বাতি। আলো জ্বালালেই বোঝা যাবে, দড়ি আর আলোর মেলবন্ধনে ঘরে কতটা উষ্ণ আর উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।
বেডরুম বা বাথরুমের আয়নাতেও দড়ি এনে দিতে পারে নতুনত্ব। সাধারণ আয়নার চারপাশে কয়েক পাক দড়ি পেঁচিয়ে নিলেই তৈরি হবে আলাদা একটি ফ্রেম। চাইলে দড়ি দিয়েই আয়নাটি দেওয়ালে ঝুলিয়ে দিতে পারেন। এতে ঘরে প্রাকৃতিক ও হালকা সাজের অনুভূতি আসে, যা ফাল্গুনের বসন্তমুখর পরিবেশের সঙ্গে দারুণ মানানসই।
আড্ডার জন্য ঘরে বসার জায়গায় ভিন্নধর্মী কিছু যোগ করতে চাইলে দড়ির টুল হতে পারে চমৎকার সমাধান। পুরোনো একটি টায়ারের চারপাশে আঠা লাগিয়ে শক্ত দড়ি জড়িয়ে নিন। পুরো টায়ার ঢেকে গেলে মাঝখানে কাপড় বা ফোম ভরে উপরের অংশেও দড়ি লাগান। এতে তৈরি হবে একটি অভিনব টুল, যা যেমন ব্যবহারযোগ্য, তেমনই ঘরের সাজে এনে দেবে আলাদা মাত্রা।
সাদামাটা ফুলদানিকেও ফাল্গুনের রঙে সাজানো যায় দড়ির সাহায্যে। কাচ বা মাটির ফুলদানির গায়ে আঠা দিয়ে দড়ি পেঁচিয়ে নিলেই সেটি হয়ে উঠবে নজরকাড়া। প্রাকৃতিক রঙের দড়ির সঙ্গে বাসন্তী, হলুদ বা গোলাপি ফুল ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
ঘরের সিঁড়ির হাতল কিংবা করিডোরেও দড়ির ব্যবহার করা যায়। কাঠ বা লোহার হাতলের ওপর দড়ি পেঁচিয়ে নিলে সেটিতে আধুনিকতার সঙ্গে ন্যাচারাল ছোঁয়া আসে। এমনকি ছাদ থেকে মেঝে পর্যন্ত দড়ি ঝুলিয়ে তৈরি করা যায় হালকা পার্টিশন, যা আলো চলাচল বন্ধ না করেই আলাদা জায়গার অনুভূতি দেয়।
সবশেষে দড়ির পাপোশ। গোল বা ডিম্বাকৃতি করে দড়ি গুটিয়ে তৈরি করা এই পাপোশ যেমন টেকসই, তেমনই ফাল্গুনের সাজে যোগ করে নরম উষ্ণতা।
সব মিলিয়ে বলা যায়, ফাল্গুনের ঘর সাজাতে দড়ি হতে পারে এক সহজ কিন্তু সৃজনশীল মাধ্যম। সৃজনশীলতা আর যত্নেই আপনার ঘর হয়ে উঠতে পারে বসন্তের মতোই প্রাণবন্ত ও ব্যক্তিত্বপূর্ণ।