ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শিল্পাঞ্চলে ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা থেকে নিজ নিজ এলাকায় ফেরার জন্য মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাস সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা এবং বাড়তি ভাড়া গুনতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, রাস্তার পাশে বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। কলেজগেট ও গাজীপুর এলাকায় যানজট আরও ভয়াবহ রূপ নেয়।
যাত্রীদের অভিযোগ, বাড়তি আয়ের আশায় অনেক আন্তঃজেলা ও অন্তঃজেলার বাস নির্ধারিত রুট ছেড়ে একাধিক ট্রিপে ব্যস্ত থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
যাত্রীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে স্বাভাবিক সময়ে যেখানে ২০০ থেকে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ট্রাকে যাত্রা করছেন। ট্রাকে জনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
ময়মনসিংহগামী যাত্রী আলমগীর হোসেন বলেন, সাধারণত ২৫০ টাকায় ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া যায়। কিন্তু আজ সকালে বাসে উঠতে গিয়ে ৬০০ টাকা ভাড়া দিতে হয়েছে। এত ভোগান্তি আগের কোনো ঈদেও দেখিনি।
অন্যদিকে, গার্মেন্টকর্মী রাবেয়া খাতুন জানান, ভোট উপলক্ষে ছুটি দেওয়া হলেও বাস পাওয়া যাচ্ছে না। সকাল থেকে অপেক্ষা করেও কোনো বাসে উঠতে পারেননি। শেষ পর্যন্ত ট্রাকে ওঠার কথা ভাবছেন, যেখানে ৪০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। তার ভাষায়, বাস কম আর যাত্রী বেশি হওয়ায় এই সুযোগে ভাড়া বাড়ানো হচ্ছে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকার সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং নির্বাচন দিবস ১২ ফেব্রুয়ারি আগেই ঘোষিত সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত ছিল।
এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি নির্বাহী আদেশে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর থাকবে।
/ইউএমএইচ