নীলফামারীর ডোমার উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন স্থানীয় যুবদলের এক নেতা। তার নাম শফিকুল ইসলাম শফিক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডোমার সদর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
সদ্য জামায়াতে যোগ দেওয়া শফিক ডোমার সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুছ জানান, জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতিতে শফিকুল ইসলাম শফিক আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, সাবেক উপজেলা আমির খন্দকার আহমাদুল হক মানিক এবং ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুছ।
জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল ইসলাম শফিক লেখেন, আমার প্রিয়জনরা আমার সিদ্ধান্তে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। গত ৫ই আগস্টের পর আমার সঙ্গে কি করা হয়েছে সেটা আপনারা অনেকে জানেন। আমি সব জায়গায় কথা বলার পরও কোন সমাধান পাইনি।
এ বিষয়ে শফিকুল ইসলাম শফিক বলেন, দীর্ঘদিন যাবত দলীয় অভ্যন্তরীণ কিছু সমস্যা নিয়ে নেতাদের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু এর সমাধান পাইনি। আমি আল্লাহর উপর ভরসা করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি, আর ফিরে যাওয়ার সুযোগ নেই।
এফআর