টাকাসহ একের পর এক আটকের ঘটনায় তোলপাড়

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন দেশজুড়ে নগদ অর্থ উদ্ধার ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে নির্বাচনি অঙ্গন।

2026-02-12T03:42:40+00:00
2026-02-12T04:25:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
টাকাসহ একের পর এক আটকের ঘটনায় তোলপাড়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ৪:২৫ এএম  (ভিজিট : ১৩৯)
প্রতীকী ছবি
জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন দেশজুড়ে নগদ অর্থ উদ্ধার ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে নির্বাচনি অঙ্গন। গতকাল সৈয়দপুরের বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা আমির আটক করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে টাকা বিতরণের অভিযোগে একাধিক জামায়াত নেতা-সমর্থকদের আটক করা হয়। অন্যদিকে লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা আটক করার পরে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়। 

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর  —
সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে ৭৪ লাখ টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। 

ভোটের আগের দিন বুধবার বেলা ১১টার দিকে টাকাসহ তাকে আটক করা হয়। 

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম বিকালে বলেন, সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা। আইনি প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে বিমানবন্দরে আটক রেখে থানায় খবর দেয়।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বলেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটি টাকার বেশি। পুলিশ এখনও গুনে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে। পুলিশ জানায়, পরে টাকা গুনে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তার ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা আছে এমন গোয়েন্দা তথ্যে তাকে আটক করা হয়। বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দফতর সম্পাদক আবদুল মান্নান। তবে তাকে আটক করা হয়নি। 

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলাল উদ্দিন প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। সেখানে তিনি বলেন, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায়। তিনি শিক্ষকতা করেন। ব্যাগে কত টাকা আছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, ‘এখানে ৫০-৬০ লাখ, ৫০ লাখ প্লাস টাকা আছে।’ 

কীসের টাকা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার, গার্মেন্টসের। জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, তার (বেলাল উদ্দিন) বুকে ব্যথা হচ্ছিল। তখন তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্বাচনি পরিবেশে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

‘বুকে ব্যথা নিয়ে’ হাসপাতালে ভর্তি : ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান হরিপদ সরকার বলেন, ‘তিনি বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন। ইসিজি করা করা হয়েছে। এতে সামান্য পরিবর্তন ধরা পড়েছে। বাকি পরীক্ষাগুলোর রিপোর্ট এলে প্রকৃত শারীরিক অবস্থা জানা যাবে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।’

এ্যানির নির্বাচনি গাড়ি থেকে আটক ১৫ লাখ টাকা যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী : লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি কাজে ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ বিএনপি কর্মী বদরুল আলম শ্যামলকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী। ওই অর্থ আটকৃত ব্যক্তির, তা প্রমাণ দেওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হয়।

বদরুল আলম শ্যামলকে ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। বুধবার সন্ধ্যার পরে ছড়িয়ে পড়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে টাকাসহ বিএনপি কর্মীকে আটকের তথ্য। এ নিয়ে নানা গুঞ্জনের ডালপালাও ছড়িয়ে পড়ে। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই যৌথবাহিনীর যাচাই-বাছাইয়ে জানা যায় এই অর্থ বদরুল আলম শ্যামলের।

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক : কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। 

বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়। 

আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে তার গাড়িতে তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে ওপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকা নোটের দুটি বান্ডিল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।

ইউএনও আব্দুল রহমান বলেন, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাকে টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়েনি বিধায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

চন্দনাইশে যৌথ অভিযানে ১০ লাখ ৫০ হাজার টাকা ও নোহা গাড়ি জব্দ : চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ১০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার রাতে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারী হাট এলাকায় বিজিবি ও চন্দনাইশ আর্মি ক্যাম্পের যৌথ টহল দল চেকপোস্ট পরিচালনার সময় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে ওই দুই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেন, উদ্ধার হওয়া অর্থ ফুটবল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল।

বুধবার সকালে চন্দনাইশ আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। পরে ঘটনাটি তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনকে জানানো হয়। তার নির্দেশে আটক ব্যক্তিদের নগদ অর্থ ও মাইক্রোবাসসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ফুটবল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পটুয়াখালীতে জামায়াত কর্মী আটক : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান বুধবার বিকালে ইউনিয়নের রামপুর এলাকায় জামায়াতের তিন কর্মী ভোট কিনতে যান।  

খবর পেয়ে স্থানীয়রা তাদের ঘেরাও করতে গেলে দুজন পালিয়ে যান। এ সময় টাকাসহ কামাল হোসেনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে অবগত করেন।

আটক কামাল হো‌সেন ওই ইউ‌নিয়নের জামায়াতের আ‌মির ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন পটুয়াখালী-১ আস‌নের ১১ দলীয় জো‌টের প্রার্থীর মি‌ডিয়া সে‌লের প্রধান মো. কামাল হোসেন। 

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও সহকারী রিটা‌র্নিং কর্মকর্তা মোসা. ম‌লিহা খানম জানান, ঘটনা শু‌নে‌ছি সেখা‌নে মোবাইল টিম পাঠা‌নো হ‌য়ে‌ছে। অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মাদারগঞ্জে তিন ব্যক্তির জেল : জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ভোট কেনার অভিযোগে জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। 

গতকাল বুধবার বিকালে উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্তরা হলেন  — জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)। তাদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদের কয়ড়া বাজারে নিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তিনজনকে উপরোক্ত দণ্ড প্রদান করেন।

শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক : শরীয়তপুরে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে সাড়ে সাত লাখ টাকাসহ মাস্টার গোলাম মোস্তফা নামে স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতাকে আটক করা হয়েছে। 

বুধবার বিকালে জেলার নড়িয়া উপজেলার পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

অভিযানকালে তার কাছ থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা ছাড়াও একটি ল্যাপটপ, ভোটার তালিকা এবং নির্বাচনের কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। আটক গোলাম মোস্তফা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভোটার তালিকাসহ তাকে আটকের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অর্থ ও নথিপত্রের উৎস এবং তা নির্বাচনি কাজে অবৈধভাবে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তিকে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

৭১ হাজার টাকাসহ ইউপি জামায়াতের আমির আটক : ভোট কিনতে গিয়ে ৭১ হাজার টাকাসহ সিরাজগঞ্জের কামারখন্দে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিনকে আটক করেন বিএনপি সমর্থিত নেতাকর্মী। পরে মুচলিকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক হওয়া আব্দুল মমিন কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির।

এ-সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ভোট কেনার জন্য এসেছে, এমন দাবি করে আব্দুল মমিনের শরীর তল্লাশি করে ৭১ হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করেন বিএনপির সমর্থিত নেতাকর্মীরা। এ সময় আশপাশের বেশ কিছু লোকজন এসে ভিড় করে।

খবর পেয়ে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মমিনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন। 

আব্দুল্লাহ আল মামুন বলেন, সিএনজিযোগে যাওয়ার সময় জামায়াতের সমর্থক আব্দুল মমিনকে আটক করেন বিএনপির নেতাকর্মীরা। তারা দাবি করেন, ভোট কেনার জন্য সংগ্রহে থাকা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যাগে জামায়াতে ইসলামীর নামসংবলিত টি-শার্ট ও বেশ কিছু ব্যাজ ছিল।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। যা তারা পোলিং এজেন্টদের খরচ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। আর টি-শার্ট ও ব্যাচ তাদের স্বেচ্ছাসেবকরা ব্যবহার করবে। এ সময় তাদের কাছে বেশ কিছু পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে। টাকার অংশে গরমিল এবং উভয়ের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এফআর


  বিষয়:   নির্বাচন  টাকা  আটক  তোলপাড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: