বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও আগুন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

দেশের বিভিন্ন স্থানে গতকালও নির্বাচনি সহিংসতা হয়েছে। জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। মৌলভীবাজারের

2026-02-12T07:29:16+00:00
2026-02-12T07:29:16+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
নির্বাচনি সহিংসতা
বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ এএম 
প্রতীকী ছবি
দেশের বিভিন্ন স্থানে গতকালও নির্বাচনি সহিংসতা হয়েছে। জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর দুমকিতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বরিশালে এবি পার্টির নির্বাচনি অফিসে হামলা ভাঙচুর চালানো হয়েছে। রাজশাহীতে বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

আমাদের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : 
জয়পুরহাট : জেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে জয়পুরহাট কলেজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার তার লোকজন নিয়ে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় এলে সেখানে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধানের কর্মীর বুথ বানানোকে কেন্দ্র করে সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন কর্মী আহত হন। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার : জেলার জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি প্রার্থীর সহযোগীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও নাসির উদ্দীন মিঠুর জুড়ীর বাসার সামনে ঘটনাগুলো ঘটে।

হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুজনকে স্টেপ করা হয়। এ ছাড়া আমাদের কয়েকজন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।

এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে আরও ৩ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। তাদেরকে মিঠুর লোকজন আহত করে বলে জানান আব্দুল্লাহ নামের আহত একজন।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনওকে বিষয়টি অবগত করেছি।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তগীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গেলে আপনাদের বলতে পারব সেখানে কী ঘটেছে।

পটুয়াখালী : জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা এই নাশকতার চেষ্টা চালায়। তবে দুই কিশোরের সাহসিকতা ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিল দুই কিশোর। বিদ্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কিশোরদের সঙ্গে নিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

খবর পেয়ে দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহসহ পুরো ঘটনার ছবি তুলে রেখেছে।

বরিশাল : জেলার মাধবপাশা এলাকায় বরিশাল সংসদীয় ৩ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। 

বুধবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার সময় ৯টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জনের দুষ্কৃতকারী বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার-সংলগ্ন এবি পার্টির নির্বাচনি কার্যালয়ে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা জীবননাশের হুমকিও দেয়। এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান আসাদুজ্জামান ফুয়াদ। 

রাজশাহী : জেলার চারঘাট উপজেলায় দিনদুপুরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই বিএনপি কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম বিরাজ আলী (৪৭)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের কর্মী ছিলেন।

চারঘাট থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এফআর


  বিষয়:   নির্বাচন  নির্বাচনি সহিংসতা  বিভিন্ন স্থানে  হামলা  ভাঙচুর  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: