কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনে পরাজয়ের পর বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নির্বাচনে পরাজিত হওয়ায় কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে বিএনপির অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এরপর কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আব্দুস সালামসহ তাদের নেতাকর্মীরা কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্টেশনের প্ল্যাটফর্মের চায়ের দোকানে থাকা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। এরপর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা সেখানে কোন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা পাইনি।
সময়ের আলো/জেডআই