নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এদিন বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আসরের নামাজের পর মিছিলটি বের হবে বলে জানা গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত এক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লোকদের বহু বাসা-বাড়ি, পরিবারের সদস্য ও ব্যাবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।
ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরেছে জামায়াত। নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।
সময়ের আলো/কেএইচও