রমজান মানেই সারাদিন রোজা রাখার পর একসঙ্গে বসে ইফতার করার আনন্দ। তবে শুধু ভাজাপোড়া দিয়ে ইফতারি সাজালে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাদের সঙ্গে পুষ্টির সম্পর্ক বজায় রাখতে ঘরেই তৈরি করা যায় মজাদার ইফতারি। সে রকম
কিছু ইফতারির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী : মুর্শিদা সুলতানা ও ফারজানা ইয়াসমিন।
স্মুদি
উপকরণ : দই ১ কাপ, দুধ ১ কাপ, খেজুর ৬টি, চিনি বা গুড় ৩ চা চামচ অথবা স্বাদমতো, বরফ আধা কাপ, বাদাম ও ড্রাই ফ্রুটস।
প্রস্তুত প্রণালি : প্রথমে একটি মিক্সচারে আধা কাপ বরফের টুকরো ও ১ কাপ দই দিতে হবে। এরপর তাতে একে একে খেজুর, চিনি বা গুড় ও দুধ দিতে হবে এবং মিক্সচারে ২ মিনিট ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে বাদাম আর ড্রাই ফ্রুটস দিয়ে একেবারে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে।
এরপর একটি গ্লাসে ঢেলে ওপর দিয়ে বাদাম আর ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করা যাবে।
বেলের শরবত
উপকরণ : পাকা বেল ১টি, ঠান্ডা পানি ৪ কাপ, স্বাদমতো চিনি/গুড়, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, কয়েকটি বরফের টুকরো।
প্রস্তুত প্রণালি : প্রথমে বেলটা ফাটিয়ে বেলের ভেতরের অংশটা একটা চা চামচের সাহায্যে বের করে নেব। এরপর বেলটাকে হাত দিয়ে কচলিয়ে ৪ কাপ ঠান্ডা পানি দিয়ে ভালো করে বেলটা ঢলে ঢলে পানির সঙ্গে মিশিয়ে নেব।
এখন একটি ছাঁকনি দিয়ে বেলটা ছেঁকে নেব, তারপর স্বাদমতো চিনি বা গুড়, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে সবকিছু মিশিয়ে নেব। তারপর গ্লাসে ঢেলে বরফের টুকরো দিয়ে পরিবেশন করব ঠান্ডা বেলের শরবত।
চিকেন সালাদ
উপকরণ : ১/২ কাপ সেদ্ধ বোনলেস চিকেন, ১/২ কাপ শসা, গাজর ও বিট, ১/২ কাপ ক্যাপসিকাম (লাল, সবুজ, হলুদ), ১টি ডিম সেদ্ধ টুকরো ধনেপাতা, পুদিনাপাতা, ১ চা চামচ মধু, ১ চা চামচ মাস্টারড সস, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১/২ চা চামচ লবণ, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ সয়াবিন বা সরিষার তেল।
প্রস্তুত প্রণালি : প্রথমে একটি পাত্রে বোনলেস চিকেন নিয়ে অল্প লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার প্যানে তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ চিকেন, সস ও লবণ সবকিছু দিয়ে হালকা ভেজে নামিয়ে নিতে হবে। এরপর একটা সার্ভিং প্লেটে সব উপকরণ দিয়ে মিক্সড করে চিকেন সালাদ পরিবেশন করতে হবে।
চিকেন কাঠি কাবাব
উপকরণ : মুরগির মাংস ৩০০ গ্রাম, সয়া সস ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, কাশ্মিরি মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে ও জিরা গুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো, লেবুর রস ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি : মুরগির মাংস চারকোনা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কাবাবের কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার একটি বাটিতে মাংসসহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ২ ঘণ্টা রেখে দিতে হবে। মাইক্রো ওভেনে রান্না করা যায় এমন প্লেটে তেল ও ঘি ব্রাশ করে কাবাব রেখে ঢাকনা দিয়ে ১০-১২ মিনিট রান্না করতে হবে। এটা চাইলে আপনি গ্যাসের চুলায় ফ্রাইপেনেও তৈরি করতে পারেন। চিকেন কাঠি কাবাব তৈরি হয়ে গেল। গাজর, শসা, টমেটো, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
চিজি পাস্তা
উপকরণ : পাস্তা (ম্যাকারনি/ফুসিলি/পেনহব)- ২ কাপ, পানি- পাস্তা সেদ্ধ করার জন্য, লবণ-স্বাদমতো, তেল বা বাটার- ২ টেবিল চামচ, রসুন কুচি- ১ চা চামচ, পেঁয়াজ কুচি- ১টি মাঝারি, দুধ- ১ কাপ, ময়দা- ১ টেবিল চামচ, চিজ (মোজারেলা/চেডার), ১ কাপ কুচি করা গোলমরিচ গুঁড়ো- আধা চা চামচ, ওরিগানো বা চিলি ফ্লেক্স, ইচ্ছামতো সেদ্ধ করা সবজি (গাজর, ক্যাপসিকাম, কর্ন)।
প্রস্তুত প্রণালি : একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে লবণ ও সামান্য তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হলে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর প্যানে বাটার বা তেল গরম করে রসুন ও পেঁয়াজ হালকা করে ভেজে ময়দা দিয়ে ১ মিনিট নেড়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে। ধীরে ধীরে দুধ ঢেলে নাড়তে হবে, যাতে দলা না পাকায়। সস ঘন হতে শুরু করলে চিজ দিয়ে মিশিয়ে নিতে হবে। চিজ গলে গেলে সেদ্ধ পাস্তা ও সবজি দিন। লবণ, গোলমরিচ, ওরিগানো বা চিলি ফ্লেক্স ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করতে হবে। চাইলে ওপর থেকে আরও একটু চিজ ছড়িয়ে দিতে পারেন। সঙ্গে গার্লিক ব্রেড বা হালকা সালাদ দিলে স্বাদ আরও বাড়বে।
চিকেন স্মোকি কোন
উপকরণ : ময়দা ১ কাপ, ১/৩ চা চামচ লবণ, ১ চা চামচ তেল, পরিমাণমতো পানি, ১/২ টেবিল চামচ আস্ত জিরা, ২টি সবুজ ক্যাপসিকাম, গাজর ১টি, ১ টেবিল চামচ কুচি করা আদা ও রসুন, কিউব করে কাটা ২৫০ গ্রাম মুরগির বুকের মাংস, ২ কাপ পেঁয়াজ কুচি, ১/৩ চা চামচ কালো গোলমরিচ, ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ চিলি ফ্ল্যাক্স, ১ চা চামচ চাট মসলা পাউডার, ১ টেবিল টমেটো সস, ১/২ চা চামচ লবণ, ২ টেবিল চামচ চিজ, ২ টেবিল চামচ মেয়োনিজ, গুঁড়ো করা সেমাই ১ প্যাকেট।
প্রস্তুত প্রণালি : প্রথমে কোন বানানোর জন্য একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি ১০ মিনিটের জন্য কাপড় দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে। অন্য একটি পাত্রে ১ টেবিল চামচ তেল, আস্ত জিরা, কাঁচামরিচ, আদা ও রসুন কুচি, মুরগির মাংস দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে পেঁঁয়াজ কুচি, সøাইস করে কাটা গাজর, ক্যাপসিকাম দিতে হবে। এরপর এক এক করে সব মসলা, লবণ ও সস দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে বাটিতে নিয়ে চিজ ও মেয়োনিজ দিয়ে ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে বাটিটির মাঝখানে ফয়েল পেপারের ওপর সামান্য তেল দিয়ে এক টুকরো কয়লা নিয়ে ৫-৬ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এরপর কয়লাটি তুলে নিতে হবে। চিকেনের পুরটি হয়ে তৈরি হয়ে গেলে আরেকটা পাত্রে ১/৪ কাপ ময়দা নিয়ে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে পাতলা করে একটি মিক্সড তৈরি করতে হবে। এবার ঢেকে রাখা ডো থেকে ছোট ছোট বল করে রুটির মতো বেলে নিয়ে তাওয়ার ওপর দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে রুটিটির একপাশে ময়দা ব্রাশ করে কোনের মতো তৈরি করে সেখানে চিকেনের পুর ভরে দিতে হবে। এবার বেটার করা ময়দাতে কোনের মুখটা ভালো করে ডুবিয়ে গুঁড়ো করে রাখা ভাজা সেমাই লাগিয়ে নিতে হবে।
এভাবে কয়েকটি বানিয়ে নিয়ে প্যানে তেল গরম করে মিডিয়াম আঁচে বাদামি করে ভাজতে হবে। এবার ভাজা হয়ে গেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
চিংড়ি চপ
উপকরণ : চিংড়ি- আধা কেজি, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, জিরা বাটা- ১ টেবিল চামচ, মরিচ- ২টি, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, হলুদ বাটা- আধা চা চামচ, গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ, ডিম- ১টি, লবণ- স্বাদমতো, বিস্কুটের গুঁড়ো- পরিমাণমতো, সরিষার তেল- পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে চিংড়ি সেদ্ধ করে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে চিংড়ি বাটা দিয়ে ভেজে নিন। ঝুরো ঝুরো হলে তুলে নিয়ে কড়াইয়ে তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। তারপর সব বাটা মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। ভাজা চিংড়ি দিয়ে আরেকবার ভাজুন। মাখা মাখা হলে নামিয়ে মসলার গুঁড়ো মিশিয়ে দিন। একটি পাত্রে ডিম ভেঙে ফেটিয়ে রাখুন। মাছের ঝুরি চপের আকারে গড়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
ছোলার চাট
উপকরণ : ১ বাটি সেদ্ধ ছোলা, ১ কাপ ছোট আলু সেদ্ধ কিউব করে কাটা, ২ টেবিল চামচ টমেটো কুচি, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, বিটলবণ পরিমাণমতো, ১ চা চামচ লেবুর রস, ১/২ চামচ ভাজা মসলা (জিরা ও লাল মরিচের গুঁড়ো) অল্প চাট মসলা।
প্রস্তুত প্রণালি : একটি বাটিতে সেদ্ধ ছোলা ও আলু নিয়ে পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা, লেবুর রস, লবণ, চাট মসলা ও ভাজা মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ওপর দিয়ে আরও কিছু ধনেপাতা কুচি ও এক টুকরো লেবু দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলার চাট।
মালাই পায়েস
উপকরণ : চিনি গুঁড়ো চাল ১০০ গ্রাম, লিকুইড দুধ ২ লিটার, গুঁড়ো দুধ ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম এক কাপ, কাজুবাদাম, পেস্তাবাদাম এবং কিশমিশ।
প্রস্তুত প্রণালি : চাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। কাজুবাদাম, পেস্তাবাদাম এবং কিশমিশ মাঝারি আঁচে ১ মিনিট ঘি দিয়ে ভাজতে হবে। এরপর ভেজানো চিনিগুঁঁড়া চাল তরল দুধের সঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ৩০ মিনিট রান্না করুন। রান্না করার সময় ক্রমাগত নাড়তে হবে। গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে মিশিয়ে তরলে পরিণত করতে হবে ও ফ্রেশ ক্রিম এক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঘি দিয়ে চুলা থেকে নামিয়ে ভাজা বাদাম এবং কিশমিশ ভালো করে মিশিয়ে নিতে হবে।
ইফতারি শুধু পেট ভরানোর আয়োজন নয়, এটি পরিবারের সঙ্গে সময় কাটানোরও সুযোগ। তাই অল্প উপকরণে, সহজ রান্নায় এবং সচেতন পরিকল্পনায় ইফতারিকে করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর। এতে রোজায় শক্তি ও প্রশান্তি দুটিই বজায় থাকবে।