ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার গঠনের পর এবার নজর বিরোধী শিবিরের নেতৃত্ব কাঠামোর দিকে। সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্র বলছে, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়া প্রায় নিশ্চিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। বৃহত্তম বিরোধী দলের প্রধান হিসেবে তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করবেন।
তবে উপনেতা পদে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আলোচনায় রয়েছেন মো. নাহিদ ইসলাম, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং অধ্যাপক মুজিবুর রহমান। জোটের অভ্যন্তরীণ বৈঠকের পর এ পদে একজনের নাম ঘোষণা হতে পারে। দলীয় সূত্রে ইঙ্গিত, নাহিদ ইসলাম ও তাহেরের মধ্য থেকেই কেউ দায়িত্ব পেতে পারেন।
চিফ হুইপ পদেও চলছে হিসাব-নিকাশ। এগিয়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। পাশাপাশি আলোচনায় আছেন নুরুল ইসলাম বুলবুল ও ড. শফিকুল ইসলাম মাসুদ। বিরোধী দলের হুইপ হিসেবে চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর সম্ভাবনা বেশি বলে জানা গেছে, যদিও সাতক্ষীরার গাজী নজরুল ইসলামের নামও বিবেচনায় রয়েছে।
আরও পড়ুন
ডেপুটি স্পিকার পদ নিয়েও আলোচনা চলছে। এ ক্ষেত্রে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান-এর নাম ঘুরছে। দলীয় সূত্রের মতে, নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা তুলনামূলক বেশি।
জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এ টি এম মাসুম জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি; যাচাই-বাছাই চলছে। ১১ দলীয় জোটের সমন্বয় বজায় রেখেই পদ বণ্টন হবে বলে তিনি ইঙ্গিত দেন।
সংসদে জামায়াত এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে। জোটের শরিকদের নিয়ে মোট আসন দাঁড়িয়েছে ৭৭টি। ভোটের হিসাবে প্রায় ২৭ শতাংশ সমর্থন নিয়ে দলটি এবার ইতিহাসে সর্বোচ্চ আসন পেয়েছে। ২০০৮ সালে মাত্র দুটি আসন পাওয়া দলটি এবার শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্লেষণে দেখা গেছে, আরও অন্তত ৫৩টি আসনে তারা দুই হাজারের কম ভোটে হেরেছে- যা তাদের রাজনৈতিক উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
এএডি/