দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা। ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শপথের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভকামনার বার্তায় সরব হন বিভিন্ন অঙ্গনের মানুষ। তাদের মধ্যে বিশেষভাবে আলোচনায় আসে সংগীতশিল্পী ও রাজনীতিবিদ কনকচাঁপার আবেগঘন পোস্ট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরো পৃথিবী। আলহামদুলিল্লাহ… আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমিন।’
পোস্টটি প্রকাশের পরপরই সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যে নতুন সরকারের সফলতা কামনা করেন, আবার কেউ কেউ রাজনৈতিক প্রত্যাশার কথাও তুলে ধরেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
আরও পড়ুন
এর আগে সকালে জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের প্রতি জনসাধারণের প্রত্যাশা যেমন বড়, তেমনি সাংস্কৃতিক অঙ্গন থেকেও ইতিবাচক বার্তা আসা রাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। কনকচাঁপার বার্তা সেই প্রতীকী সমর্থনেরই একটি প্রকাশ হিসেবে দেখছেন অনেকে।
এএডি/