নওগাঁ জেলার মান্দা উপজেলাতে ট্রাক্টর ও পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় চারটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়েছে এবং চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫) এবং মহাদেবপুর উপজেলার লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেন (৫০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইরি-বোরো মৌসুমের শুরু থেকে মান্দার বিভিন্ন এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে প্রথমে ফারুক হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী মহাদেবপুর থানার শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে চারটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকটি ট্রাক্টর চুরির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
এ সময় চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়।
ট্রাক্টর হারানোর অভিযোগকারী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।
উদ্ধার হওয়া পাওয়ার টিলার ফিরে পাওয়ায় ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
কৃষিনির্ভর মান্দা এলাকায় কৃষি যন্ত্রপাতি উদ্ধার এবং চোর চক্রের সদস্যদের গ্রেফতার করায় স্থানীয় বাসিন্দারাও জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ দমনে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।
আটকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন