প্রচারে এসেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্ট্রি ইন ব্লুম’। নির্মাতা শাওয়ানার লেখা ও পরিচালিত চলচ্চিত্রটি প্রচলিত প্রেমের গল্প নয়। এখানে সম্পর্কের ভেতরে লুকিয়ে আছে প্রশ্ন, দ্বিধা, অপ্রকাশিত অনুভব। গল্পটি ধীরে ধীরে এগোয় দর্শককে ভাবায়, থামায়, আবার নতুন করে অনুভব করতে শেখায়। দেখার পর এক ধরনের নীরব ভালো লাগা থেকে যাওয়ার কথা বলে বারবার।
‘মিস্ট্রি ইন ব্লুম’-এ অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও শাওয়ানা। প্রযোজনায় রাসেল মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মহিবুল্লাহ (শান্ত)।
চলচ্চিত্রটি প্রসঙ্গে প্রান্তর দস্তিদার বলেন, ব্যতিক্রমী এক গল্প। যেখানে প্রেম-ভালোবাসাকে অন্যভাবে তুলে ধরা হয়েছে। এমন উপস্থাপন সাধারণত দেখা যায় না। কাজটি করে ভীষণ ভালো লেগেছে। এমন গল্প নিয়ে কাজ করার জন্য পরিচালককে ধন্যবাদ।
সুইডেন ও বাংলাদেশের সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা শাওয়ানা এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তার স্বল্পদৈর্ঘ্য ‘দ্য রোড টু মাই ফাদার’ আন্তর্জাতিক ১০টি উৎসবে নির্বাচিত হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। নতুন কাজেও তিনি গল্প বলার ভঙ্গিতে রেখেছেন স্বতন্ত্র ছাপ, চেনা আবেগকে তুলে ধরেছেন অচেনা ভাষায়।
পরিচালক শাওয়ানা বলেন, ভ্যালেন্টাইনের আবহে মুক্তি পাওয়া এই স্বল্পদৈর্ঘ্য ভালোবাসাকে অন্যভাবে দেখার এক নিমন্ত্রণ। সম্পর্কের ভেতরের নীরব রহস্যকে ছুঁয়ে যাবে ‘মিস্ট্রি ইন ব্লুম’। চলচ্চিত্রটি ১৭ ফেব্রুয়ারি অবমুক্ত হয়েছে বঙ্গর ইউটিউব চ্যানেলে।
সময়ের আলো/আআ