গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে তিন সদস্যের একটি দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় অবস্থান করছিল। শেষ রাতে সেহরির সময় এলাকাজুড়ে ডাকাতির গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সতর্ক হয়ে ওঠেন। সন্দেহভাজন তিনজনকে দেখে কিছু লোক ধাওয়া করলে তারা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খোদ্দ মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যান।
স্থানীয়দের দাবি, এ সময় আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হন। পুকুর থেকে দুজনকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের অপর সদস্য অন্ধকারের মধ্যে পালিয়ে যান।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তারা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে লেবু মিয়া ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মঈনুল ইসলাম (৫০)।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা ছিনতাই বা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়িয়েছে।
সময়ের আলো/আরবিএন