নোয়াখালীতে ১ জন, জামালপুরে ২ জন, দিনাজপুরে ১ জন, বিরামপুরে ২ জন এবং কেশবপুরে ১ জনসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট ৭ জন। এ বিষয়ে সারা দেশ থেকে বিস্তারিত জানিয়েছেন সময়ের আলোর প্রতিনিধিরা।
নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কের বানদত্ত ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরিচাপায় শফিকুর রহমান নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত শফিকের দুই ছেলেসহ আহত হয়েছেন আরও ৩ জন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, তেলবাহী গাড়িটিসহ চালক আটক রয়েছে। এই ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর : জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে পরিবহন থামানোর সময় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা মরদেহ দুটি নিয়ে তিন ঘণ্টা জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে রাখে। শুক্রবার দুপুরে শেরপুর ব্রিজের দক্ষিণ পাশে জামালপুর পৌরশহরের ডাকপাড়া এলাকায় সড়কে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম আকন্দ বলেন, ঘটনাটি জানার পর দ্রুত আমরা এখানে এসে মরদেহ দুটি উদ্ধার করার চেষ্টা করি কিন্তু স্থানীয়রা বিচার দাবি করায় তা আর সম্ভব হয়নি। পরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করলে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
দিনাজপুর : দিনাজপুরের আমতলী বাজারে বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুনাইদ নামে এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ শিশুসহ চারজন। বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিরামপুর : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেশবপুর : যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে আব্দুস সালাম নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা স্ত্রী ও দুই মেয়ে আহত হন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর-গোলাঘাটা সড়কের মির্জাপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের মৃত সবেদ আলীর ছেলে। তিনি কেশবপুর শহরের মধুসড়কের ইব্রাহিম গার্মেন্টেসের ব্যবসায়ী। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার এসআই সাইমুন হোসাইন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে ব্যবসায়ী আব্দুস সালাম স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কেশবপুর বাজারে মোটরসাইকেলযোগে আসছিলেন। পথিমধ্যে কেশবপুর-গোলাঘাটা সড়কের মির্জাপুর এলাকায় মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার স্ত্রী তানিয়া খাতুন এবং দুই মেয়ে মাওয়া ও মহুয়া আহত হন। তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার এসআই সাইমুন হোসাইন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। তার স্ত্রী ও দুই মেয়ে আহত হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।