২০০৯ সালে ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে যে ক্যারিয়ারের শুরু হয়েছিল, ৩৪ বছর বয়সে সেই মাঠেই ইতি টানার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
সম্প্রতি ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অবসরের কথা জানান। সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের শেষেই তিনি ফুটবল থেকে অবসর নিতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোতে চোট-আঘাত তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি আবার তার দেখা মেলেছে ফুটবল প্রাঙ্গনে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে।
২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে তার ২০০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার এখনো পর্যন্ত ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ফি হিসেবে বিবেচিত। তবে পিএসজি অধ্যায়ের পর চোট-সংকট তাকে ধারাবাহিকভাবে মাঠের বাইরে রেখেছে। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না সামনে কী হবে। ডিসেম্বর এলে হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। সবকিছু নির্ভর করবে আমার মন কী বলে তার ওপর। এখন থেকে দিন ধরে, ধাপে ধাপে এগোব।’
নেইমার বলেন, ‘এই বছরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু সান্তোস নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও এটি বিশ্বকাপের বছর। আমি নিজের সেরাটা দিতে চাই।’
তার এই মন্তব্যে জোরাল হয়েছে জল্পনা—২০২৬, কিংবা চলতি বছরের শেষেই কি পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন নেইমার?
সময়ের আলো/কেএইচও