রাজশাহী মহানগরীর শিলিন্দা এলাকায় পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এছাড়াও উড়ানো হয়েছে জাতীয় ও দলীয় পতাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চারজন যুবককে পতাকা ও ছবি ঝুলাতে দেখা যায়। এসময় তারা বিভিন্ন স্লোগানও দিয়েছে। পরে বিকেলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী কলেজ সভাপতি রাসিক দত্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও পোস্ট করেন। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা।
ভিডিওতে দেখা যায়, মাস্ক পড়া দুজন, একজন হেলমেটসহ মোট চারজন মিলে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা শেখ মুজিবুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কার্যালয়টির দরজা-জানালা এবং ইটও খুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় আছে।
তবে শনিবার সকালে ওই চার নেতাকর্মী প্রথমে কার্যালয়ের সামনে ছবি ও পতাকা হাতে স্লোগান দেন। এরপর ভেতরে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙান তারা। এরপর বাইরে এসে জাতীয় ও দলীয় পতাকার বাঁশ পুঁতে দেন।
এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তাবে আমাদের কেউ জানায়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।
এফআর