তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, দেশগঠনের যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি গণমাধ্যমকর্মীদের অভিভাবক হতে চান বলেও জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ওয়েজবোর্ড হালনাগাদসহ সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। প্রথমে অর্থ সহায়তা দেওয়া হবে, পরে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। ক্ষমতার পালাবদলের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এগিয়ে যাওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়ন সরকারের অগ্রাধিকার। দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের প্রতিটিতে ফ্যামিলি কার্ড পৌঁছালে সংশ্লিষ্ট পরিবারের নারীরাই এর মালিক হবেন। জলবায়ু মোকাবিলা, বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়নাধীন রয়েছে।
বক্তব্যের শুরুতে তিনি ভাষা আন্দোলনের উল্লেখযোগ্য ভাষাসৈনিকদের স্মরণ করেন এবং ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
এর আগে সকালে বরিশাল সার্কিট হাউসে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। একইদিন দুপুরে তিনি বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মন্ত্রী হওয়ার পর প্রথম সরকারি সফরে শনিবার সকালে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে তাকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সময়ের আলো/আরবিএন