দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা থাকার গুঞ্জন উড়িয়ে দিলেন সিনেমাটির পরিচালক আজমান রুশো। সম্প্রতি শোবিজ অঙ্গনে এ ধরনের একটি গুঞ্জন ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সিনেমাটির পরিচালক জানিয়েছেন, যেটি ছড়িয়েছে সেটি পুরোটাই ভিত্তিহীন।
এ প্রসঙ্গে আজমান রুশো বলেন, আমাদের ভাবনাতেও আসেনি পাকিস্তানি বা ভিন্ন ভাষার কাউকে নেব! কাজেই সিনেমায় পাকিস্তানি নায়িকা থাকার কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া ‘রকস্টার’-এর গল্প বাংলাদেশের। সিনেমার ভাষাও বাংলা।
পাকিস্তানি নায়িকার প্রয়োজন হয় এমন চরিত্র সিনেমাটিতে নেই। শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার কথা বলেছিলেন। কিন্তু রকস্টারে পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই। সত্যি বলতে, বাংলা ভাষায় কথা বলে আমরা এমন কাউকে শিগগির চূড়ান্ত করব। আগামী ঈদুল আজহায় রকস্টার মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের।
দেশের বড় বড় পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করেছেন আজমান রুশো। এবারই প্রথম তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। নির্মাতার প্রথম সিনেমায় অডিশনের মাধ্যমে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। তবে প্রধান নায়িকা চরিত্র এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
আজমান রুশো জানান, সিনেমায় শাকিব খান একেবারে বাংলাদেশের ঢাকার একটি ছেলের চরিত্র করছেন। গল্পের ক্ষেত্রে সে দেশের বাইরেও যায়। তবে গল্পের যে মানুষরা রয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশি। তিনি বলেন, রকস্টার বাঙালি ছেলের গল্প, এটি বাংলাদেশের গল্প।
প্রসঙ্গত, শাকিব খান অভিনীত নতুন একটি সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী থাকছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে তারই করা একটি মন্তব্যে। এক সাক্ষাৎকারে নায়ক নিজেই জানিয়েছিলেন, পাকিস্তানের হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমার ব্যাপারে আলোচনা চলছে। তবে কোন সিনেমার জন্য সেটি অবশ্য তিনি জানাননি।
সময়ের আলো/এনএ