প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ৫:৫৫ এএম

কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছবি : সংগৃহীত
কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছবি : সংগৃহীত ঢাকায় আন্তর্জাতিক সংগীত আয়োজনের ধারাবাহিকতায় এবার কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তাঁর কনসার্ট আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ। তবে শাকিরার বাংলাদেশ সফর এখনো নিশ্চিত নয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ।
আয়োজক প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে ঢাকায় মঞ্চ মাতাতে পারেন শাকিরা। তবে এ বিষয়ে শিল্পী কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিশ্বসংগীতে শাকিরা অন্যতম পরিচিত নাম। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান কলম্বিয়ান এই গায়িকা। তাঁর ঢাকায় কনসার্ট আয়োজনের উদ্যোগ সফল হলে তা দেশের সংগীতাঙ্গনে উল্লেখযোগ্য আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠতে পারে।
এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের দাম কিংবা টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। ফলে শাকিরার বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চললেও বিষয়টি এখনো পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
এদিকে শুক্রবার ওটিলিয়ার কনসার্ট সফলভাবে আয়োজনের পর পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাঈম আশরাফ।
সময়ের আলো/জেডি