প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম

সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
সামিরা খান মাহি। ছবি : সংগৃহীতমিস ইউনিভার্সের ৭৫তম আসরের মূল প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা পাননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন মাহি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে হয়েছেন প্রথম রানারআপ।
সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে শুরু থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশের এই প্রতিযোগী। অন্য প্রতিযোগীরা বিকিনি পরে মঞ্চে হাজির হলেও মাহি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের আঁটসাঁট পোশাক। এর পেছনে যুক্ত লম্বা নীল কাপড় মঞ্চে তার উপস্থিতিতে যোগ করে ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পেয়েছিল তার এই উপস্থাপনা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অর্জনের খবর জানান মাহি। তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের এই সাফল্যকে শুধু নিজের অর্জন হিসেবে দেখছেন না মাহি। দেশের প্রতিটি মানুষের ভালোবাসা ও সমর্থনের ফল হিসেবেই দেখছেন তিনি। মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই প্রতিযোগী।
প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে পড়েন মাহি। তবে দর্শকদের ভোটে পাওয়া দুটি স্বীকৃতি ও ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার অর্জনে স্মরণীয় হয়ে থাকল তার মিস ইউনিভার্স যাত্রা। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’
সময়ের আলো/এসএকে