
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিবছরের শেষ সময়ে ছোটপর্দায় যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক নাটক। দর্শকের আগ্রহ ধরে রাখতে পারিবারিক সম্পর্ক, প্রেম, হাস্যরস, মধ্যবিত্তের জীবনসংগ্রাম থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সমসাময়িক বিষয় উঠে আসছে এসব নাটকে। সাম্প্রতিক প্রচারে আসা ও আসন্ন ধারাবাহিকের তালিকায় রয়েছে ‘ফিরে আসার গল্প’, ‘চাওয়া পাওয়া’, ‘বেকার পোলাপাইন’, ‘এই ঘর এই সংসার’ ও ‘এআই জুনিয়র’। গল্প ও নির্মাণের বৈচিত্র্যে বছর শেষে ছোটপর্দা বেশ সরব।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নির্মিত ‘ফিরে আসার গল্প’ ইতিমধ্যে দর্শকের নজর কেড়েছে। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের সাফল্যের পর নতুন এই কাজ নিয়ে হাজির হয়েছেন নির্মাতা। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের বাস্তবতা নিয়ে এগিয়েছে এর গল্প। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। প্রায় ১৩ বছর পর একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন তারা। আরও রয়েছেন খায়রুল বাসার, দীপা খন্দকার, মনিরা মিঠু ও তানজিম সাইয়ারা তটিনী। ৫২ পর্বের নাটকটি গত অক্টোবর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।
এদিকে এনটিভিতে প্রচারিত হচ্ছে ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের উপন্যাস ‘পবিত্র অসুখ’ অবলম্বনে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। পরিচালনায় রাকেশ বসু। তিন প্রজন্মের অভিনয় শিল্পীদের উপস্থিতি নাটকটির অন্যতম আকর্ষণ। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী ও শাকিল আহমেদসহ অনেকে। সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি।
হাস্যরসের মোড়কে প্রেম ও পারিবারিক সম্পর্কের গল্প নিয়ে এসেছে ‘বেকার পোলাপাইন’। ফরিদুল ইসলাম নির্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। ২০ নভেম্বর থেকে বাংলাভিশনে শুরু হয়েছে এর প্রচার। এতে অভিনয় করেছেন চাষী আলম, তানজিম হাসান অনিক, সিনি স্নিগ্ধা, শিরতাজ জেবিন, হানিফ পালোয়ান, ফাতেমা হীরা ও জাস মান্নাতসহ অনেকে। গল্পের কেন্দ্রে রয়েছে টোটো নামের এক আত্মম্ভরী ব্যক্তি। চিকিৎসাবিদ্যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজেকে চিকিৎসক দাবি করে ডিসপেনসারি খোলে সে। মায়ার আগমন তার জীবনে নতুন অধ্যায় তৈরি করে। প্রেম, দাম্পত্য ও নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে দেখা যাচ্ছে নাটকটি।
মধ্যবিত্ত পরিবারের সংকট ও স্বপ্নের দ্বন্দ্ব উঠে এসেছে ‘এই ঘর এই সংসার’ ধারাবাহিকে। শহীদ উন নবীর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি ১ ডিসেম্বর থেকে আরটিভিতে প্রচারিত হবে। স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া এক বাবার গল্প এতে তুলে ধরা হয়েছে। পরিবারের দায়িত্ব নিতে বড় মেয়ে মায়া টিউশনি শুরু করলেও ছোট ভাইবোনের উচ্চবিত্ত জীবনযাপনের আকাঙ্ক্ষা তৈরি করে দ্বন্দ্ব। একপর্যায়ে ছোট ভাই দ্রুত ধনী হওয়ার লোভে অপরাধে জড়িয়ে পড়ে। মায়া চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। আরও রয়েছেন নরেশ ভূঁইয়া, মিলি বাশার ও সিয়াম মৃধাসহ অনেকে। সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি।
অন্যদিকে কল্পবিজ্ঞান ও পারিবারিক আবেগের মেলবন্ধনে নির্মিত হয়েছে ‘এআই জুনিয়র’। নাসিমুল হাসানের চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। গল্পে দুর্ঘটনায় একমাত্র সন্তান রাফসানকে হারান জহির ও তামান্না দম্পতি। শোকে ভেঙে পড়া তামান্নার মুখে হাসি ফোটাতে বিজ্ঞানী মিনহাজ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রাফসানের আদলে তৈরি করেন ‘জুনিয়র’ নামের একটি মডেল। কিন্তু প্রযুক্তির অসাধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও মায়ের শূন্যতা পূরণ করতে পারে না সে। একসময় রাফসানের মতো হয়ে ওঠার চেষ্টা শুরু করে জুনিয়র। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আবেগ ধারণ করতে পারে কি না, সেই প্রশ্নই নাটকটির মূল আকর্ষণ। অভিনয় করেছেন রিচি সোলায়মান, রওনক হাসান, তাওহীদুল ইসলাম তাইফ, রাই রাজন্য ও জিনাত শানু স্বাগতাসহ অনেকে। শিগগিরই দীপ্ত টেলিভিশনে প্রচারে আসবে মেগা সিরিয়ালটি।
সব মিলিয়ে বছরের শেষ ভাগে ছোটপর্দায় নতুন গল্প ও বৈচিত্র্যময় নির্মাণের উপস্থিতি দর্শকের সামনে বিনোদনের নতুন সম্ভাবনা তৈরি করছে।
সময়ের আলো/প্রিন্ট/এনএন