প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম

আরিয়ানা গ্রান্ডে। ছবি : সংগৃহীত
আরিয়ানা গ্রান্ডে। ছবি : সংগৃহীতসংগীত ও অভিনয়— দুই অঙ্গনেই ব্যস্ত সময় পার করছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। তবে কাজের ব্যস্ততা শেষে এবার কিছুটা বিরতি নিতে চান তিনি। সম্প্রতি নিজের বিরতির পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই তারকা। জানিয়েছেন, জনসমক্ষে উপস্থিতি ও প্রচারমূলক কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে রাখতে চান।
সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ানার নতুন সিনেমা ‘ফকার-ইন-ল’। ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন বেন স্টিলার ও রবার্ট ডি নিরো। এটি জনপ্রিয় ‘মিট দ্য প্যারেন্টস’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। এর চিত্রনাট্যের প্রতি মুগ্ধতা থেকেই এতে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করেছিল বলে জানিয়েছেন আরিয়ানা।
এদিকে অভিনয় ও সংগীতের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকার পরিকল্পনা থাকলেও দর্শকদের কাছ থেকে পুরোপুরি হারিয়ে যেতে চান না তিনি। সম্প্রতি ‘লাস কালচারিস্টাস’ পডকাস্টে অংশ নিয়ে মজার ছলে নিজেকে অবসর নেওয়া ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তবে পরে স্পষ্ট করেন তিনি জনসমক্ষে থাকবেন, বিভিন্ন জায়গায় যাতায়াত করবেন এবং নিজের প্রসাধনী ব্র্যান্ড আর.ই.এম. বিউটির কার্যক্রমেও যুক্ত থাকবেন।
আরিয়ানার বিরতির পরিকল্পনা অবশ্য নতুন নয়। গত আগস্টে তার প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘ইটারনাল সানশাইন’ ট্যুর শেষ করার পর জনসমক্ষে উপস্থিতি কমিয়ে আনবেন তিনি। দীর্ঘদিন ধরে চলা ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে জনসমালোচনার চাপও এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছিল।
তবে ভক্তদের জন্য সুখবরও রয়েছে। ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে তার দুটি নতুন পর্দার কাজ। ১১ ডিসেম্বর আসছে ‘দ্য ইটারনাল সানশাইন ডায়েরিজ : দ্য মেকিং অব দ্য ট্যুর’ এবং ১২ ডিসেম্বর মুক্তি পাবে তার ‘ইটারনাল সানশাইন ট্যুর’-এর কনসার্টভিত্তিক চলচ্চিত্র। দুটি কাজই মুক্তি পাবে পিকক প্ল্যাটফর্মে। সব মিলিয়ে নতুন সিনেমা ও সংগীতের কাজ দিয়ে ভক্তদের সামনে থাকলেও এবার নিজের জন্য সময় বের করতে চান আরিয়ানা। তার এই বিরতি কত দিনের হবে, তা এখনও নিশ্চিত নয়।
সময়ের আলো/প্রিন্ট/এনএন