
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিমধ্যবিত্ত পরিবারের জমানো হাসি-কান্না, দুঃখের মধ্যে একটি পারিবারিক ভ্রমণ আর সেই সঙ্গে ঘটতে থাকা নানা ঘটনা-অঘটন নিয়ে এবার মোশাররফ করিমের ভ্রমণসঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু ও দীঘি! ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় এবং কাজী আসাদের পরিচালনায় নির্মিত হচ্ছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’। সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাবে আগামী বছর ঈদে। সিনেমাটির শুটিংয়ের জন্য এরই মধ্যে পুরো ইউনিট কুয়াকাটায় অবস্থান করছে।
‘যাত্রা বিরতি’ সিনেমায় মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখা যাবে দিলারা জামানকে। আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে।
এদিকে একসময়ের জনপ্রিয় জুটি মোশাররফ করিম-সুমাইয়া শিমুও ছিলেন বিরতিতে। সেই বিরতি এবার ভাঙতে যাচ্ছে ‘যাত্রা বিরতি’ দিয়ে, তাও আবার বড়পর্দায়।
‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর নতুন করে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুমাইয়া শিমু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি, দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরই খুঁজে পাবেন।’
নির্মাতা কাজী আসাদের পরিচালনায় এর আগে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাই একরকম বোঝাপড়া আগে থেকেই ছিল। সিনেমাটি করার ব্যাপারে তাই খুব বেশি চিন্তা করতে হয়নি তার। তবে কাজটি কতটা ভালোভাবে করতে পারছেন, যেটি করতে চাইছেন সেটি করতে পারছেন কি না, তা নিয়ে সচেতন মোশাররফ করিম বলেন, ‘সুমাইয়া শিমু এবং আমি অনেক দিন পর একসঙ্গে অভিনয় করছি, এটি একরকম ভালো লাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সময়ের আরেক আলোচিত তারকা প্রার্থনা ফারদিন দীঘির মোশাররফ করিমের সঙ্গে এটাই প্রথম কাজ। তবে সুমাইয়া শিমু এবং দিলারা জামানের সঙ্গে এর আগেও কাজ করেছেন তিনি। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব, সেটি নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁর সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি উচ্ছ্বসিত।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানান, ‘আমরা সিনেমা হলের দর্শকদের জন্য বিগত কয়েক বছর অনেক দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়ে এসেছি। প্রেক্ষাগৃহের উপচে পড়া ভিড় আর দর্শকের উচ্ছ্বাস আমাদের ‘চরকি সিনেমা ইনিশিয়েটিভ’ প্রকল্পে উৎসাহী করেছে। ‘যাত্রা বিরতি’ সিনেমাটি নতুন প্রচেষ্টা। কাজী আসাদের নির্মাণে দর্শকের আস্থা তৈরি হয়েছে, এর সঙ্গে আছেন দেশের জনপ্রিয় ও গুণী সব অভিনয়শিল্পী। সব মিলিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রচেষ্টায় আছি। আশা করি, ঈদে দর্শকের উচ্ছ্বাস আমাদের আবার অনুপ্রাণিত করবে।’
‘যাত্রা বিরতি’ সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। আগামী ডিসেম্বর পর্যন্ত কুয়াকাটাসহ আরও বেশ কয়েকটি জায়গায় সিনেমাটির শুটিং চলবে।
সময়ের আলো/ইউএমএইচ