মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

২০২৬ সালের মিস ইউনিভার্সের মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর জেনিফার বারেটোর মাথায়। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার ৭৫তম আসরে ১১৬টি দেশ ও অঞ্চলের

2026-11-25T11:24:53+00:00
2026-11-25T11:26:14+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ২৫.১১.২০২৬ ১১:২৬ এএম
১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন জেনিফার বারেটো। ছবি : সংগৃহীত
১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন জেনিফার বারেটো। ছবি : সংগৃহীত
২০২৬ সালের মিস ইউনিভার্সের মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর জেনিফার বারেটোর মাথায়। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার ৭৫তম আসরে ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশের স্থলাভিষিক্ত হলেন বারেটো।

পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নতুন মিস ইউনিভার্স হিসেবে তিনি পেয়েছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ভেনেজুয়েলার গয়না নকশাকার জর্জ উইটেলসের তৈরি মুকুটটিতে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।

সৌন্দর্য প্রতিযোগিতায় আগে কোনো অভিজ্ঞতা ছিল না জেনিফার বারেটোর। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটেন তিনি। মাত্র চার মাসের ব্যবধানে জয় করেন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর জাতীয় খেতাব। সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেয়াস আর্তেসে এই সাফল্য পান তিনি।


সংবাদমাধ্যম হোলাকে দেওয়া সাক্ষাৎকারে বারেটো জানান, নতুন অভিজ্ঞতা অর্জন এবং সেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের পরিচিতি ও উত্তরাধিকার তৈরি করতেই তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। জাতীয় পর্যায়ে জয়ের পর এল ভোসেরোকে তিনি বলেন, মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোতে যে নারী হিসেবে যাত্রা শুরু করেছিলেন, এখন তিনি আর সেই অবস্থানে নেই।

এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল পুয়ের্তো রিকো। ফলে, প্রতিযোগী হওয়ার পাশাপাশি স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবেও বাড়তি দায়িত্ব পালন করতে হয়েছে বারেটোকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানান তিনি। 

অনলাইনে ভক্তদের কাছে তিনি ‘লা বারেটো’ নামে পরিচিত। ব্যক্তিজীবনে বিবাহিত বারেটো। তার স্বামী জ্যঁ কার্লোস বারেটো। তাদের ৭ বছর বয়সী একটি মেয়ে রয়েছে, যার নাম পেনেলোপ।

শিক্ষাগত যোগ্যতায় মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক- দুই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। মার্কিন সেনাবাহিনীতে প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করার পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত তিনি।

মিস ইউনিভার্স হিসেবে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করাকে অগ্রাধিকার দিতে চান বারেটো। একই সঙ্গে মাতৃত্ব যে নারীর অগ্রগতির পথে বাধা নয়, সেই বার্তাও তুলে ধরতে চান তিনি।


পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম বারেটোর। ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ায় কেটেছে তার শৈশব। ভলিবল খেলতে ভালোবাসেন তিনি। 

ছোটবেলা থেকেই সৌন্দর্য প্রতিযোগিতার সঙ্গে তার পরিচয়। মায়ের সঙ্গে মিস ইউনিভার্স প্রতিযোগিতা দেখার স্মৃতি রয়েছে তার। সৌন্দর্য প্রতিযোগিতাকে নারীদের অলিম্পিক বলেও অভিহিত করেছেন তিনি।

এবারে জাতীয় পোশাক পর্বে পুয়ের্তো রিকোর লজ্জাবতী উদ্ভিদ ‘মরিভিভি’ থেকে অনুপ্রাণিত পোশাক পরেন তিনি। প্রতিযোগিতার চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বারেটোকে জিজ্ঞাসা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের জীবনে ক্রমেই বেশি জায়গা করে নেওয়ার সময় কোন মানবিক মূল্যবোধটি ধরে রাখা সবচেয়ে জরুরি।

ফলাফলে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, তৃতীয় ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।

এর মধ্য দিয়ে পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্স বিজয়ীদের তালিকায় নতুন করে যুক্ত হলো জেনিফার বারেটোর নাম। এর আগে দেশটির হয়ে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দিয়ানারা টোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই মুকুট জিতেছিলেন।

বারেটোর এই জয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ নিজের দেশের মাটিতেই মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন তিনি। ২০০১ সালে বায়ামনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় একই কৃতিত্ব দেখিয়েছিলেন পুয়ের্তো রিকোর ডেনিস কুইনোনেস।

সময়ের আলো/মহু
  বিষয়:   মিস ইউনিভার্স  মুকুট  পুয়ের্তো রিকো  জেনিফার বারেটো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: