প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’ । ছবি : সংগৃহীত
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’ । ছবি : সংগৃহীতআন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক সুখবর বয়ে আনছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। ভারতের কেরালায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে নির্বাচিত হয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমাটি।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘বনলতা সেন’। একই উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে বাংলাদেশের আরেক সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। কবির জীবনের বড় একটি সময় কেটেছে কলকাতায়। ফলে তার সাহিত্য ও স্মৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এই শহরে সিনেমাটির প্রদর্শনীকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন নির্মাতা।
মাসুদ হাসান উজ্জ্বল জানান, কলকাতার বাঙালি দর্শক সিনেমাটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।
‘ঊনপঞ্চাশ বাতাস’র পর এটি নির্মাতার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার এবং মহীন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল।
রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি সরকারি অনুদান পেয়েছে। এতে গান করেছেন বাপ্পা মজুমদার ও দোলা রহমান। কেরালা ও কলকাতার দুই আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ায় ছবিটি ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/এসকে