থ্রিলার, কমেডি কিংবা ড্রামা— ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এতদিন দর্শক দেখেছেন নানা স্বাদের ফিল্ম ও সিরিজ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ভিন্নধর্মী একটি আয়োজন। ফ্যাশন, মডেল, ডিজাইন আর রানওয়ের দুনিয়া নিয়ে চরকিতে আসছে তিন পর্বের সিরিজ ‘আরকা’স নেক্সট মডেল’। আগামীকাল ২৬ নভেম্বর থেকে দর্শকরা দেখতে পারবেন এটি।
তরুণ প্রজন্মের ফ্যাশনচিন্তা, পোশাকের নকশা, ডিজাইনারদের সৃজনশীলতা এবং ক্যাটওয়াকের নানা মুহূর্ত উঠে আসবে এই আয়োজনে। ২০২৫ সালে আয়োজিত আরকা’স নেক্সট মডেলের কনটেন্টই এবার দেখানো হবে চরকিতে। দর্শকদের প্রচলিত বিনোদনের বাইরে নতুন ধরনের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
দেশীয় ফ্যাশনশিল্পে নতুন সম্ভাবনা তৈরির প্রত্যয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে ‘আরকা’। এটি কেবল ফ্যাশন শো নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আধুনিক তারুণ্যের সৃজনশীলতাকে এক মঞ্চে তুলে ধরার একটি উদ্যোগ। সংস্কৃত ভাষায় আরকা শব্দের অর্থ সূর্য বা আলোর রশ্মি। সেই ভাবনা থেকেই বাংলাদেশের ফ্যাশনকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি।
এ আয়োজনের মূল প্রতিপাদ্য ঐতিহ্যবাহী জামদানি। সারা দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করা হয় সেরা ১০ জনকে। ভবিষ্যৎ আসরগুলোতে ক্যাটওয়াকের পাশাপাশি ফ্যাশন মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব ও মাস্টারক্লাস যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। ফলে চরকির এই নতুন কনটেন্ট দেশের ফ্যাশনশিল্পের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরবে।