
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিদেশের শক্তিমান অভিনেতাদের একজন জিতু আহসান। প্রচারের আলোয় খুব বেশি সরব না থাকলেও অভিনয়জগতে নানা ধরনের চরিত্রে কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। কখনো নায়ক, কখনো খলনায়ক, কখনো সাধারণ পরিবারের মানুষ, আবার কখনো একেবারে ব্যতিক্রমী চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন। অভিনয়ের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। এরপর সময়ের সঙ্গে নিজেকে তৈরি করেছেন একজন পরিণত অভিনেতা হিসেবে। ছোটপর্দার পাশাপাশি অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন চলচ্চিত্রেও। বর্তমানে খুব একটা নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে দেখা মেলে কিছু ব্যতিক্রমী চরিত্রে। আর তাতেই সাড়া পড়ে, নতুন করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি আনন্দ সময়ের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদুর রহমান।
ইদানীং আপনাকে পর্দায় দেখা যাচ্ছে না। এর বিশেষ কোনো কারণ আছে কি?
কয়েক মাস আগে সবশেষ একটি নাটকে কাজ করেছিলাম। তবে নাটকের নামটি মনে নেই। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। কারণ, আমি মূলত বেছে বেছে কাজ করি। এর মধ্যে বেশ কয়েকটি কাজের প্রস্তাব এসেছে, কিন্তু পছন্দ না হওয়ায় অভিনয় করা হয়নি। পর্দায় এমন কিছু করতে চাই না, যেটি দেখে দর্শক আমাকে পছন্দ করবেন না।
চাহিদা থাকা সত্ত্বেও অভিনয়ে নিয়মিত হচ্ছেন না কেন?
চাইলেই অভিনয়ে নিয়মিত হতে পারি, এটা সত্য। তবে কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো কাজের প্রতি আমার আগ্রহ বেশি। শুধু উপস্থিত থাকার জন্য কোনো কাজ করতে চাই না। গল্প, চরিত্র ও নির্মাণ—সবকিছু বিবেচনা করেই অভিনয় করতে চাই। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা বা আগ্রহ কোনোটাই কমেনি। ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে অবশ্যই কাজ করব।
কোন ধরনের চরিত্র পছন্দ আপনার?
আসলে নির্দিষ্ট কোনো ধরনের চরিত্রের প্রতি আমার আলাদা দুর্বলতা নেই। সবসময় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে ভালো লাগে। যে চরিত্রে গভীরতা থাকে, নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ আছে, সেটাই আমাকে বেশি আকৃষ্ট করে। একজন মাঝি, ব্যবসায়ী, নায়ক, কখনো নেতিবাচক চরিত্র, কখনো সাধারণ একজন মানুষের জীবনসংগ্রাম, আবার কখনো একেবারেই ব্যতিক্রমী কোনো চরিত্র—সবকিছুর মধ্যেই অভিনয়ের আলাদা আনন্দ আছে। একজন অভিনেতার কাজ শুধু নিজের পরিচিত গণ্ডির মধ্যে থাকা নয়; বরং প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে নিজেকে ভাঙা ও নতুন করে গড়ে তোলা। দর্শক যেন প্রতিটি কাজে আমাকে নতুনভাবে দেখতে পান, সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ।
চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্ব দেন, গল্প না চরিত্র?
আমি আসলে গল্প ও চরিত্রকে আলাদা করে দেখি না। চরিত্র নির্ভর করে গল্পের মানের ওপর। একটি ভালো গল্পের পাশাপাশি সেখানে চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ, সেটিও বিবেচনা করি। অনেক সময় গল্প খুব ভালো হলেও চরিত্রটি হয়তো আমার কাছে তেমন চ্যালেঞ্জিং মনে হয় না। আবার একটি ছোট চরিত্রও পুরো গল্পে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। তাই গল্প, চরিত্র, নির্মাতার ভাবনা— সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নিই। তবে আমি কোনো স্ক্রিপ্ট পেলে প্রথমে সেটি দর্শকের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি। দর্শকের কাছে কতটুকু পছন্দ হবে বা হবে না, সেটি নিয়ে ভাবি।
নাটকে সিন্ডিকেটের বিষয়ে অনেকের অভিযোগ। এ নিয়ে আপনার মন্তব্য কী?
আমাদের নাট্যাঙ্গনে এ নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। তবে আমি মনে করি, কাজের ক্ষেত্রে সবারই সমান সুযোগ পাওয়া উচিত। একজন শিল্পী ভালো কাজ করলে তাঁকে অবশ্যই মূল্যায়ন করা উচিত, তিনি যে-ই হোন না কেন। আগে একটি চরিত্রের জন্য ভাবা হতো, চরিত্রটি কার সঙ্গে যায়! এখন হয়তো সেভাবে ভাবা হয় না। অনেকে কাছের লোকদের নিয়ে চিন্তা করেন। এটিও ঠিক, কাজ করতে করতে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। স্বাভাবিকভাবেই নতুন কাজের বেলায় তাঁকে নিয়ে চিন্তা করা হয়। কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই যদি কাজের সুযোগ সীমাবদ্ধ থাকে, তাহলে নতুন কিংবা প্রতিষ্ঠিত অনেক শিল্পীই বঞ্চিত হন। এতে শিল্পেরও ক্ষতি হয়। আমি চাই, যোগ্যতা ও কাজের মানের ভিত্তিতে সবাই কাজের সুযোগ পাক। নাটকের জগৎটা আরও উন্মুক্ত হোক।
বর্তমান নাটকে ভিউয়ের বিষয়টি কীভাবে দেখেন?
আমার কাছে ভিউয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, নাটকটি দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারছে। এখন অনেক সময় ভিউয়ের প্রতিযোগিতায় গল্প, চরিত্র কিংবা অভিনয়ের চেয়ে অন্য বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। ফলে কিছু ক্ষেত্রে নির্মাতারা দর্শকের রুচির কথা ভাবার চেয়ে কীভাবে বেশি ভিউ পাওয়া যায়, সেদিকে বেশি মনোযোগী হয়ে পড়েন। আমি মনে করি, ভিউয়ের পাশাপাশি নাটকের মান, গল্পের গভীরতা ও নির্মাণের সৌন্দর্যও গুরুত্ব পাওয়া উচিত। কারণ, একটি ভালো কাজ হয়তো শুরুতে কম দর্শক পেতে পারে, কিন্তু দীর্ঘদিন দর্শকের মনে বেঁচে থাকে। আমি চাই, ভিউয়ের প্রতিযোগিতা থাকুক, তবে সেটি যেন ভালো কাজ তৈরির পথে বাধা হয়ে না দাঁড়ায়। অনেক সময় ভালো কাজের ভিউ হয় না। আবার তুলনামূলক মানহীন নাটকের ভিউ অনেক হয়।
আপনার বাবা অভিনীত কোনো নাটকে নতুন করে অভিনয়ের সুযোগ পেলে কোন নাটকটি বেছে নেবেন?
বাবার অভিনীত নাটক থেকে একটি বেছে নেওয়া অনেক কঠিন। তাঁর অভিনয়ের নিজস্ব একটা ধরন ছিল। বাবার অভিনয় করা সেই চরিত্র নতুন করে নিজের মতো করে পর্দায় তুলে ধরা সহজ নয়। অভিনেতা হিসেবে সেই চরিত্রে নিজেকে মেলে ধরতে অনেক বেগ পেতে হবে। যদিও এটি আমার জন্য নিঃসন্দেহে আনন্দ ও আবেগের বিষয় হবে। তবে বাবার অভিনীত একটি নাটকের রিমেকে আমার অভিনয় করার সুযোগ হয়েছে। ‘নয়ন’ নাটকটি রিমেক করেছিলেন কৌশিক শঙ্কর দাস। নাম দিয়েছিলেন ‘নয়ন সমুখে তুমি নাই’। প্রচারিত হয়েছিল চ্যানেল আইতে।
আপনার অভিনীত চরিত্রগুলোর মধ্যে খলনায়ক হিসেবে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি হয়েছে। এই পরিচয় উপভোগ করেন?
দর্শক আমাকে বিভিন্ন চরিত্রে গ্রহণ করেছেন, এটাই আনন্দের। খলনায়ক চরিত্রে অভিনয় করারও আলাদা চ্যালেঞ্জ রয়েছে। কারণ, একজন নেতিবাচক চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়। তবে আমি চাই না, দর্শক আমাকে শুধু একটি পরিচয়ে চিনুন। একজন অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে কাজ করতে চাই।
ওটিটি প্ল্যাটফর্মের প্রসার অভিনেতাদের জন্য কতটা সম্ভাবনা তৈরি করেছে?
নতুন মাধ্যম মানেই নতুন সম্ভাবনা। ওটিটির কারণে গল্প বলার পরিসর বেড়েছে। চরিত্রের গভীরতা ও বৈচিত্র্য নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তবে মাধ্যম যেটিই হোক, শেষ পর্যন্ত ভালো গল্প ও ভালো অভিনয়ের বিকল্প নেই।
দর্শকের ভালোবাসা ও স্বীকৃতি একজন অভিনেতার জন্য কতটা গুরুত্বপূর্ণ?
দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। পুরস্কার অবশ্যই আনন্দের, তবে দর্শক কোন চরিত্র মনে রাখছেন, সেটি নিয়ে কথা বলছেন—এ অনুভূতি অন্য রকম। আমি সবসময় চেষ্টা করি, দর্শক যেন আমার অভিনয় দেখে বিরক্ত না হন। তাঁদের সময়ের মূল্য দিতে চাই। একটি ভালো কাজের স্মৃতি দীর্ঘদিন দর্শকের মনে থেকে যায়।
নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের কাজ কীভাবে দেখছেন?
নতুনদের মধ্যে অনেকেই ভালো কাজ করছেন। তাদের অভিনয়ে শেখার আগ্রহ রয়েছে। এখন কাজের মাধ্যম বেড়েছে, ফলে অভিনয়ের সুযোগও তৈরি হয়েছে। তবে ভালো অভিনেতা হতে হলে নিয়মিত চর্চা করতে হবে। শুধু জনপ্রিয়তা নয়, অভিনয়ের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা থাকা জরুরি।
সময়ের আলো/প্রিন্ট/ইউএমএইচ