প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিবাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’। ‘গাই মাটির গান, শ্রমের গান, মুক্তির গান’— স্লোগান নিয়ে ১৯৭৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। সংগঠনটি দেশজ সংস্কৃতির লালন, সাংস্কৃতিক আন্দোলন, অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির ঐতিহ্য লালনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পাশাপাশি জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের ‘ঋষিজ পদক’ প্রদান করে আসছে।
লোকপ্রিয় এই সংগঠনটি অর্ধশতাব্দী বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ২৮ নভেম্বর বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডি ছায়ানট মিলনায়তনে গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে সংবর্ধিত হবেন লাকী ইনাম (অভিনয়), মীনা মিজানুর রহমান (সংগীত ও সংস্কৃতি) ও কাওসার চৌধুরী (প্রমাণ্যচিত্র ও অভিনয়)। সংগীত পরিবেশন করবে ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ভিন্নধারা, উজান, পঞ্চভাস্কর, সমস্বর ও ঋষিজ শিল্পীগোষ্ঠী। আবৃত্তি পরিবেশন করবেন রফিকুল ইসলাম ও নায়লা তারাননুম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাট্যজন খায়রুল আলম সবুজ, সংগীত গবেষক ও শিক্ষক ড. সাইম রানা ও সমাজ সেবক হাফিজুর রহমান ময়না।
‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’র সভাপতি বেগম সুরাইয়া আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফকির সিরাজ, ফয়জুল আলম পাপ্পু ও মাহফুজা আক্তার মিরা।
সময়ের আলো/প্রিন্ট/এনএন