প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:২৮ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিপাঁচ বছরের দাম্পত্য জীবনের পর তৃতীয় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে সংসারের ইতি টানার বিষয়টি প্রকাশ করেন ন্যান্সি।
ফেসবুক বার্তায় ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আমাদের নিয়ে যারা ভেবেছেন এবং ভালোবাসা নিয়ে পাশে থেকেছেন, তাদের সবার কাছে এই সময়ে আমাদের সিদ্ধান্তকে বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসরটুকু বজায় রাখার আন্তরিক অনুরোধ জানাচ্ছি।’
সবশেষে নতুনভাবে পথচলার প্রত্যয় ব্যক্ত করে এই গায়িকা বলেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি ও মহসীন মেহেদী। পরের বছর অর্থাৎ ২০২২ সালের জুনে তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়।
এর আগেও দুবার সংসার পেতেছিলেন ন্যান্সি। ২০০৬ সালে তিনি আবু সাঈদ সৌরভ নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন। সেই সংসারের একমাত্র মেয়ে রোদেলা বর্তমানে ন্যান্সির সঙ্গেই থাকেন; বড় হয়ে তিনিও মায়ের মতো সংগীত জগতকেই বেছে নিয়েছেন।
২০১২ সালে প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। ওই সংসারেও একটি কন্যাসন্তানের মা হন তিনি। পরে ২০২১ সালে দ্বিতীয় বিবাহবিচ্ছেদের খবর জানান এই সংগীতশিল্পী।
সময়ের আলো/আতা