প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ পিএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিবাংলাদেশের সংগীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পুরস্কারটির ২৫তম আসরে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
সংগীতশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি দেশের সংগীতাঙ্গনে একজন উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক হিসেবেও কাজ করছেন ধ্রুব গুহ। নতুন মৌলিক গান তৈরি, প্রযোজনা ও প্রকাশে নিয়মিত বিনিয়োগ করে আসছেন তিনি। সংগীতশিল্পের নানা প্রতিকূলতার মধ্যেও নতুন গান প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখার প্রচেষ্টা তাঁর কাজের অন্যতম দিক।
প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও কাজের সুযোগ করে দিয়েছেন তিনি। ধ্রুব মিউজিক স্টেশনের মাধ্যমে বিভিন্ন শিল্পীর মৌলিক গান প্রকাশিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলা গানকে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও রয়েছে তাঁর।
এসব অবদান বিবেচনায় নিয়ে ধ্রুব গুহকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। বিষয়টি নিশ্চিত করেছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।
সংগীতাঙ্গনে শিল্পী হিসেবে তার পথচলার পাশাপাশি নতুন শিল্পী তৈরি ও বাংলা গানের প্রসারে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ।
সময়ের আলো/ইউএমএইচ